পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স! প্রকাশ্যে ধূমকেতুর মুক্তির দিন, খবরে কী প্রতিক্রিয়া রুক্মিণী মৈত্রর?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুচর্চিত ছবি ‘ধূমকেতু’। আগামী ১৪ই আগস্ট, স্বাধীনতার মাসেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। দর্শকদের পাশাপাশি এই ছবির মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুক্মিণী মৈত্রও।
একসময় দেব ও শুভশ্রীর জুটি পর্দায় যেমন সফল ছিল, তেমনই বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে ছিল বিপুল আগ্রহ। সেই সম্পর্কে বিচ্ছেদ এলেও, পেশাদারিত্বের কারণে তাঁরা ‘ধূমকেতু’-র শ্যুটিং সম্পন্ন করেছিলেন। কিন্তু নানা আইনি জটিলতা এবং প্রযোজক সংক্রান্ত সমস্যার কারণে ২০১৬ সালে শ্যুটিং শেষ হওয়ার পরও গত ৯ বছর ধরে ছবিটি মুক্তি পাচ্ছিল না। এই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি বছরের আগস্ট মাসে ছবিটি মুক্তি পেতে চলেছে।
দেব নিজেও বহুবার তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে ‘ধূমকেতু’-কে উল্লেখ করেছেন। যদিও শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবির মুক্তি নিয়ে খানিকটা সন্দিহান। তিনি সম্প্রতি জানিয়েছেন, এখন তিনি ‘অনেকটা আপগ্রেডেড ভার্সন’ এবং তাঁর পুরনো অভিনয় দর্শকদের কেমন লাগবে, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
সম্প্রতি অনুষ্ঠিত ২২তম টেলি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুক্মিণী মৈত্র। সেখানে একটি সাক্ষাৎকারে তিনি ‘ধূমকেতু’ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রুক্মিণীর কথায়, “আরে আমিও অপেক্ষা করে আছি ছবিটার জন্য। অবশেষে আসছে।” দেবের বর্তমান প্রেমিকা হিসেবে রুক্মিণীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
চলতি বছরের গোড়ার দিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরত অনুষ্ঠানে শুভশ্রীকে ‘ধূমকেতু’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রানা দা (রানা সরকার, প্রযোজক) আমায় বলেছে যে ধূমকেতু হয়তো রিলিজ হতে পারে। দর্শক যতটা এক্সাইটেড, যদি রিলিজ হয় দর্শকের জন্য আমি খুশি হবো।” তিনি আরও যোগ করেন, “সত্যি কথা বলতে ওই ছবিটা খুবই ভালো একটা ছবি, কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিশ্চিত নই। একটা পুরোনো ছবি রিলিজ হবে, আমার ছবি এটাই।”
‘ধূমকেতু’ ছবিতে দেবকে প্রস্থেটিক মেকআপে একজন বয়স্ক লুকে দেখা যাবে। অভিনেতা বহুবার এটিকে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা বলে উল্লেখ করেছেন। ৪ কোটি টাকা খরচ করে রানা সরকার এই ছবিটি প্রযোজনা করেছিলেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই ছবিতে জুটিতে দেখা যাবে, যা তাঁদের জুটির শেষ ছবি। তাঁদের সঙ্গে রুদ্রনীল ঘোষও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।