‘বুড়ো বয়সে কী ড্রেস আপ’! সরু ফিতের ওয়ানপিস পরায় তনুশ্রীকে কটাক্ষ নেটিজেনদের! পাল্টা জবাব অভিনেত্রীর

তারকাদের পোশাক নিয়ে কুরুচিকর আক্রমণ নতুন নয়। অনেক সময় তাঁরা এসব এড়িয়ে চলেন, আবার কখনো কড়া জবাব দেন। সম্প্রতি ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের ‘ত্রিশা ভৌমিক’ অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরীর জন্মদিনে হাজির হয়েছিলেন ধারাবাহিকের পুরো টিম, যার মধ্যে ছিলেন অভিনেত্রী তনুশ্রী রায়চৌধুরীও। জন্মদিনের ভ্লগ পোস্ট করতেই তাঁকে পোশাকের জন্য আক্রমণের শিকার হতে হয়, তবে তনুশ্রী এবার কড়া ভাষায় জবাব দিয়েছেন।
পর্দায় সাধারণত মা বা জেঠিমার চরিত্রে অভিনয় করলেও, তনুশ্রীর বয়স এখনও ৪৫-এর গণ্ডি পেরোয়নি। জন্মদিনে তিনি কালো নুডুলস স্ট্র্যাপের একটি ফ্লাওয়ার প্রিন্টের ওয়ান পিস পরেছিলেন। তার ছবিতে জনৈক এক নেটিজেন মন্তব্য করেন, “বুড়ো বয়সে কী ড্রেস আপ!” এর জবাবে তনুশ্রী লেখেন, “আপনি কচি বয়সে বোরখা পরে থাকুন না। আর আপনার বাড়ির লোকেদেরও পরান। কেউ তো বারণ করেনি। আমি আমার টাকায় ড্রেস কিনে পরেছি। এত হিংসা করবেন না প্লিজ। আপনারও হবে।”
আরেকজন মন্তব্য করেন, “বুড়ি কি পরেছে, আয়নার সামনে দেখে না।” এর উত্তরে তনুশ্রী বলেন, “দেখি তো দিদি। আমি আয়না দেখে খুশি হই। আর আপনারা দুঃখ পান।”
বর্তমানে তনুশ্রীকে দুটি ধারাবাহিকে দেখা যাচ্ছে। ‘কোন গোপনে মন ভেসেছে’-র পাশাপাশি, তিনি সম্প্রতি শুরু হওয়া ‘বুলেট সরোজিনী’-তেও কাজ করছেন। সেখানে তনুশ্রীর লুক বেশ আধুনিক। চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা এখনও স্পষ্ট না হলেও, এই মেগাটি ইতিমধ্যেই বেশ চর্চায় রয়েছে।
তনুশ্রী রায়চৌধুরীর অভিনয় জীবন শুরু হয়েছিল থিয়েটার দিয়ে। তার আগে তিনি দীর্ঘ সময় নিউজ রিডার হিসেবেও কাজ করেছেন। ২০১০ সাল থেকে টলিউডে কাজ করছেন তিনি। মূলত সিরিয়ালেই তাঁকে বেশি দেখা যায়। ‘ফেলনা’, ‘হৃদ মাঝারে’, ‘এক্কা দোক্কা’, ‘আলো ছায়া’, ‘সোনা রোদের গান’, ‘রানি রাসমণি’, ‘কপাল কুণ্ডলা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সঙ্গে তিনি প্রায় আড়াই বছর যুক্ত ছিলেন।