‘রবিনার আবেদনের কাছে ফিকে রাশা’, মায়ের ‘টিপ টিপ বরসা পানি’ গানে নেচে কটাক্ষের মুখে রাশা!

১৯৯৪ সালের ব্লকবাস্টার ছবি ‘মোহরা’-তে রবীনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের রসায়ন, বিশেষ করে ‘টিপ টিপ বরসা পানি’ গানটি আজও দর্শকদের মনে অমলিন। এই গানে রবীনার আবেদনময়ী নাচ ঝড় তুলেছিল, যা আজও বহু মানুষের স্মৃতিতে উজ্জ্বল। সম্প্রতি একটি ইভেন্টে রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানিকে মায়ের সেই আইকনিক গানে নাচতে দেখা গেল। রাশার সৌন্দর্য অনেকের নজর কাড়লেও, মায়ের সঙ্গে তাঁর তুলনা করতে গিয়ে অনেকেই রাশার পারফরম্যান্সে হতাশ হয়েছেন।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “রবীনার আবেদনের কাছে রাশার উপস্থিতি অনেকটাই ফিকে। সে ডান্স স্টেপগুলো ঠিকভাবে করেছে, কিন্তু তাঁর নাচ দেখার জন্য কোনো বাড়তি আগ্রহ তৈরি হলো না দর্শকের মধ্যে। মাধুরী দীক্ষিত বা রবীনা ট্যান্ডন যে পর্যায়ে পৌঁছেছিলেন, এঁরা সেটা পারবেন বলে মনে হয় না।”

বলিউডে বর্তমানে যেসব তারকা সন্তান অভিনয়ে আসছেন, তাঁরা প্রায়শই কঠিন সমালোচনার মুখে পড়ছেন। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম খান সম্পর্কে নেটিজেনদের দাবি, ‘নাদানিয়া’ ছবিতে তিনি খারাপ কাজ করেছেন। এই প্রসঙ্গে সম্প্রতি করণ জোহর একটি সাক্ষাৎকারে বলেন, “এই ছবিতে খুশি কাপুর আর ইব্রাহিম কতটা খারাপ, সেটা বলাই এখন ফ্যাশন হয়ে গিয়েছে। বলিউডের তারকাদের পরিবারের কাউকে খারাপ বললে এখন অ্যাটেনশন পাওয়া যায়।”

করণের এই মন্তব্যের সূত্র ধরে বলা যায়, হয়তো রাশা থাডানিও এই ধরনের ‘ট্রেন্ডের’ শিকার। তবে এটাও ঠিক, রাশা এখনও পর্যন্ত কোনো কাজের মাধ্যমে দর্শকদের মনে তেমনভাবে ছাপ ফেলতে পারেননি, যা সমালোচনার একটি কারণ হতে পারে।