‘সব কিছু ঠিক থাকলে, ফের দেখা হবে…’, ইনস্টাগ্রামে বার্তা দিয়ে চরম সিদ্ধান্ত বাবিল খানের!

প্রয়াত অভিনেতা ইরফান খান পুত্র বাবিল খান সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। এর কয়েক সপ্তাহ আগেই বলিউডকে ‘ফেক’ তকমা দিয়ে কান্নার ভিডিও পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বাবিল। সেই বিতর্কের রেশ এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনার মধ্যেই এল এই বিরতির খবর। শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবিল।
শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে করা পোস্টে বাবিল স্পষ্ট লিখেছেন, তিনি আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, এক বিশেষ কারণে পরিচালক সাই রাজেশের ছবি থেকে তিনি বেরিয়ে গিয়েছেন, তবে পরিচালকের সঙ্গে তাঁর বন্ধু্ত্ব এবং ভাল সম্পর্ক বজায় থাকবে। বাবিল লিখেছেন, “সব কিছু ঠিক থাকলে, ফের দেখা হবে এবং কাজ করব পরিচালকের সঙ্গে।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই একটি কান্নার ভিডিও পোস্ট করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন বাবিল। সেই ভিডিয়োতে তিনি বলিউডকে ‘ফেক’ আখ্যা দিয়ে অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, অরিজিৎ সিংদের মতো তারকাদের কাঠগড়ায় তুলেছিলেন। প্রবল সমালোচনার মুখে অবশ্য তিনি সেই পোস্টটি ডিলিট করে দেন।
সেই বিতর্কের পর বাবিলের সমর্থনে এগিয়ে আসেন তার মা এবং প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার। তিনি স্পষ্টই জানান, বাবিল মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার জীবন লড়াইয়ের মধ্যে দিয়ে কাটছে। তিনি এও বলেন যে বাবিল আগের থেকে ভালো রয়েছেন, তবে তার কান্নার ভিডিয়োর ভুল ব্যাখ্যা করা হয়েছে।
View this post on Instagram
বাবিলের এই নতুন পোস্ট এবং অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘিরে ফের বলিউডে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, বাবিল মানসিক দিক থেকে এতটাই অসুস্থ যে, এই মুহূর্তে তার পক্ষে নিয়মিত অভিনয় করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই তিনি কাজের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই নিয়ে বলিপাড়ায় নানা খবর রটলেও, বাবিলের পক্ষ থেকে তার বিরতির কারণ বা সময়কাল নিয়ে আর কোনও বিস্তারিত বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি।