‘রাত উপভোগ করুন, মদ খান কিন্তু গাড়ি চালাবেন না’! হঠাৎ কেন এমন বার্তা সাহেব ভট্টাচার্যর?

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এখন ধারাবাহিকের আয়ুষ্কাল অনেকটাই কমে এসেছে। যেখানে কয়েক বছর আগেও কিছু ধারাবাহিক ২৫০০ পর্বের গণ্ডি পেরিয়ে যেত, সেখানে এখন বেশিরভাগ ধারাবাহিকই ৩০০ এপিসোড পেরোতেই বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি কিছু ধারাবাহিক মাত্র দু’মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে অভিনীত ধারাবাহিক ‘কথা’ ৫০০তম এপিসোড সম্পূর্ণ করে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দর্শকদের ভালোবাসা ধরে রাখা এই ধারাবাহিকটির ৫০০ পর্ব পূর্ণ হওয়া উপলক্ষে শহরে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। আগামীকাল, শনিবার রাতে অনুষ্ঠিত হবে এই পার্টি।

এই পার্টির আমন্ত্রণপত্র ঘিরে একটি বিশেষ বার্তা টলিপাড়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। অভিনেতা সাহেব ভট্টাচার্যের তরফে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে একটি সতর্কবার্তা: “রাত উপভোগ করুন, মদ খান কিন্তু গাড়ি চালাবেন না!”

সাহেবের আমন্ত্রণপত্রে এমন একটি বার্তা দেখে টলিপাড়ার অনেকেই এটিকে একটি জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন এবং মনে করছেন, ভবিষ্যতে হয়তো বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে এই ধরনের সতর্কতামূলক লাইন আমন্ত্রণপত্রে যুক্ত করা হতে পারে। এই বার্তার পেছনে টলিউডের কিছু মর্মান্তিক ঘটনা কাজ করেছে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু বছর আগে সাহেব ভট্টাচার্যের প্রাক্তন বান্ধবী সোনিকা সিং চৌহান একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। সম্প্রতি বাংলা ধারাবাহিকের এক পরিচালক (ভিক্টো) মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছেন এবং আরও কয়েকজনকে আহত করেছেন। টলিপাড়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর মতো দু’-চারটি ঘটনা ঘটে যাওয়ার ফলেই হয়তো পার্টি আয়োজন করার সময়ে এমন একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে।

প্রসঙ্গত, ‘কথা’ ধারাবাহিকের গল্পে সম্প্রতি কিছু পরিবর্তন এসেছে। ধারাবাহিকটিতে সাহেব যে চরিত্রটি করছেন, সে এখন একজন মদ্যপ এবং তার মধ্যে প্রচুর রাগ। অন্যদিকে, সুস্মিতা দে একটি ভীষণ প্রাণবন্ত এবং হাসিখুশি চরিত্রে অভিনয় করছেন। এই দুই বিপরীতমুখী চরিত্রের মধ্যে প্রেম কীভাবে গড়ে উঠবে, সেই গল্প নিয়েই ৫০০ এপিসোডের পরের কাহিনী এগিয়ে যাবে। দর্শকদের ভালোবাসা এই ধারাবাহিকটিকে আরও কতদূর, ৭০০ বা ৮০০ এপিসোড পর্যন্ত নিয়ে যেতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়। এর পাশাপাশি, পর্দার বাইরে ব্যক্তিগত জীবনে সাহেব এবং সুস্মিতা একে-অন্যকে পার্টনার হিসেবে বেছে নেবেন কিনা, সেই দিকেও আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা।