পহেলগাঁও হামলার পর পরিস্থিতি পর্যালোচনা করতে শ্রীনগরে সেনাপ্রধান জেনারেল ‘দ্বিবেদী’ !

কাশ্মীরে সাম্প্রতিক ভয়াবহ জঙ্গি হামলার পর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে এবং সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করার উদ্দেশ্যে শুক্রবার শ্রীনগর পৌঁছেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নিরীহ পর্যটকদের উপর চালানো এই নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সেনাপ্রধানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সেনা বাহিনী সূত্রে জানা গেছে, সেনাপ্রধান তাঁর সফরের শুরুতে সরাসরি দক্ষিণ কাশ্মীরের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু ভিক্টর ফোর্সের সদর দফতরে যাবেন। এখান থেকেই পুরো দক্ষিণ কাশ্মীরের সামরিক কার্যকলাপ পরিচালিত হয়। সেখানে গিয়ে তিনি সেখানকার পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। সফরের এই পর্যায়ে জেনারেল দ্বিবেদী বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের মূল্যায়ন করবেন এবং মাঠে কর্মরত অপারেশনাল কমান্ডারদের সঙ্গে দেখা করে চলমান অনুসন্ধান ও সন্ত্রাস দমন অভিযানের অগ্রগতি পর্যালোচনা করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলে বর্তমান সন্ত্রাসবিরোধী অভিযানের অবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তাঁকে বিস্তারিতভাবে অবহিত করা হবে।
বিকেলে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর শ্রীনগরে অবস্থিত চিনার কর্পস সদর দফতর পরিদর্শনের কথা রয়েছে। জানা গেছে, সেখানে তিনি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সুচেন্দ্র কুমার এবং ১৫ কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রশান্ত শ্রীবাস্তবের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে উপত্যকার সামগ্রিক নিরাপত্তা কৌশল এবং ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেনাপ্রধানের এই সফর উপত্যকায় সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনীর দৃঢ় সঙ্কল্পের প্রতিফলন এবং চলমান অভিযানকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। তাঁর উপস্থিতি মাঠ পর্যায়ের সেনা ও আধিকারিকদের মনোবল বাড়াতেও সহায়ক হবে।