বক্স অফিসে ঝড়, মুক্তির মাস ঘুরতে না ঘুরতেই ভিকির ‘ছাবা’ ফাঁস অনলাইনে, পুলিশ নিলো কড়া পদক্ষেপ

১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ইতিমধ্যেই ৫০০ কোটির বেশি আয় করে বক্স অফিসে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই সুপারহিট সিনেমাকে ঘিরে বড়সড় চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ সিনেমাটি অনলাইনে লিক হয়ে গেছে!

সিনেমা ফাঁসের ঘটনায় পুলিশের তদন্ত
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগকারী অগাস্ট এন্টারটেইনমেন্টের CEO রজত রাহুল হাকসার চিহ্নিত করেছেন ১,৮১৮টি ইন্টারনেট লিঙ্ক, যেখানে সিনেমাটি অবৈধভাবে আপলোড করা হয়েছে। এই ভিত্তিতেই একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা 316(2) ও 308(3), কপিরাইট আইনের ধারা 51, 63, 65A এবং সিনেমাটোগ্রাফ আইনের সংশোধনী 2023-এর 6AA ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও তথ্যপ্রযুক্তি আইনের 43 ও 66 ধারার আওতায় দক্ষিণ সাইবার থানায় CR নং 23/2025 মামলার রেকর্ড রাখা হয়েছে।

ছত্রপতি শিবাজীর পুত্র সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে তৈরি এই সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকর। ভিকি কৌশল ছাড়াও রশ্মিকা মান্দানা ও অক্ষয় খান্নার অভিনয় দর্শকদের মন জয় করেছে। শুধু বক্স অফিসে দুর্দান্ত সাফল্যই নয়, ‘ছাবা’ ইতিমধ্যে একাধিক ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে।

সম্প্রতি ৯৮তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনেমার সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন,
“এখন চারদিকে শুধুই ‘ছাবা’-র গৌরব।”

প্রধানমন্ত্রীর এই প্রশংসায় আপ্লুত হয়ে ভিকি কৌশল লিখেছেন, “অবর্ণনীয় সম্মান! মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।” রশ্মিকাও কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “ধন্যবাদ, এটি সত্যিই একটি বিরাট সম্মান।”

সিনেমা ফাঁস হওয়ায় নির্মাতারা যেমন হতাশ, তেমনই দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, অবৈধ লিক রুখতে কড়া ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় বাজেটের সিনেমাগুলি বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে। এখন দেখার, মুম্বই পুলিশের তদন্ত কতদূর এগোয় এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।