প্রথমবার কন্যার মুখ দেখালেন আতিফ আসলাম, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নেটিজেনরা

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। দুই পুত্র সন্তানের পর গেল বছর কন্যার বাবা হয়েছেন তিনি। যদিও দীর্ঘ এক বছরে কখনো কন্যার মুখের ছবি প্রকাশ্যে আনেননি উপমহাদেশের এই সংগীতশিল্পী। তবে শেষমেশ কন্যা হালিমা আতিফ আসলামের প্রথম জন্মদিনেই তার ছবি প্রকাশ্যে আনলেন বাবা আতিফ আসলাম।
শনিবার (২৩ মার্চ) কন্যা হালিমার জন্মদিন উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিশেষ এক পোস্ট শেয়ার করেন আতিফ আসলাম। এদিন আতিফ আসলামের শেয়ার করা ছবিতে বাবা-মেয়েকে একসঙ্গে দেখা গেছে দুবাইয়ে। আতিফের পোস্ট করা ছবিতে বাবা মেয়ে দুজনকেই সাদা পোশাকে দেখা গেছে।
ছবি শেয়ার করে আতিফ পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বাবা তার পকেটে রাজকন্যার জুতা রেখেছেন, যখন হালিমার দরকার হবে আমাকে বলবেন। এরপরেই সেই পোস্টের ক্যাপশনে কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভ জন্মদিন, ২৩/০৩/২৩, লিখেছেন তিনি।’ হ্যাশট্যাগে যুক্ত করেছেন, শুভ জন্মদিন, বাবার ভালবাসা এবং কন্যা।
View this post on Instagram
পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর, শুভ জন্মদিন হালিমা।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর দেখতে!!!’
২০১৩ সালে লাহোরের সারা ভারবানাকে বিয়ে করেন আতিফ। কন্যার আগেও দুই পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারা। আবুল আহাদ ও আরিয়ান আসলাম নামে তাদের দুই ছেলে রয়েছে। দুই পুত্রসন্তানের পর ঘর আলো করে কন্যা আসায় ভীষণ খুশি আতিফ ও সারা।