‘সালমান খানের টাকার লোভে অর্পিতাকে বিয়ে করিনি’, মুখ খুললেন আয়ুষ

বলিউড ভাইজান সালমান খানের বোন অর্পিতা খান। ভালোবেসে বিয়ে করেছিলেন আয়ুষ শর্মাকে। এই দম্পতি সুখে সংসার কাটালেও প্রায় সময়েই আয়ুষকে নিন্দুকদের নানা কটু কথা সহ্য করতে হয়।

কারণ, অর্পিতাকে বিয়ের পরপরই অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে আয়ুষয়ের। সালমান খানের হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে তার।

এরপর থেকেই বিভিন্ন সময়ে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য শুনতে হয়েছে তাকে। যাদের অনেকেই বলেছেন, ভালোবাসার টানে না বরং সালমানের টাকার লোভেই অর্পিতাকে বিয়ে করেছেন আয়ুষ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সালমানের ভগ্নীপতি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ জানান, টাকার লোভে নয় বরং ভালোবেসেই অর্পিতাকে বিয়ে করেছেন তিনি।

এই অভিনেতা বলেন, ‘অর্পিতা ভীষণ শক্তমনের, আত্মবিশ্বাসী নারী। ওকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া দারুণ বিষয়। তবে প্রথম প্রথম টাকার জন্য অর্পিতাকে বিয়ে করেছি, সালমানের বোন বলে বিয়ে করেছি, এসব কথা শুনতে খুব খারাপ লাগত। তখন এই কথাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছে, তবে এখন আর এসব নিয়ে ভাবি না। আসল সত্যি হল আমি অর্পিতাকে ভালোবেসেই বিয়ে করেছি, সেটা ও জানে, আমিও জানি, আর আমাদের পরিবারের লোকজনও জানেন। তাহলে বাইরে লোকজনের এত মাথাব্যাথা কীসের!’

‘সালমানের টাকাতেই চলেন, অর্পিতাকে বিয়ে করার পর ভাইজান তাকে রোলস রয়েজের মতো মূল্যবান গাড়ি দিয়েছেন।’ এসব কথাও শুনতে হয়েছে বলে জানান আয়ুষ। তার কথায়, ‘আমি তো এখনও খুঁজছি, কোথায় গেল সেই গাড়ি!’

প্রসঙ্গত, অর্পিতা খান হলেন সালমান খানের বাবা সেলিম খান ও তার দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক কন্যা। পরিবারের সকলের ছোট হওয়ার কারণেই সে সকলের আদরের। বেশ কিছুদিন প্রেম করার পর ২০১৪ সালের ১৮ নভেম্বর অর্পিতাকে বিয়ে করেন আয়ুষ। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *