কয়েক দিনের টানা গরমে বেহাল অবস্থা রাজ্যে, হাই অ্যালার্ট জারি করলো আবহাওয়া দফতর

তাপপ্রবাহের সতর্কতা ১৭ তারিখ পর্যন্ত বাড়াল আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহ হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল অবধি তাপপ্রভাব চলতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়তে পারে। আগামী পাঁচদিন কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আজ দুপুর আড়াইটে নাগাদ বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ৩৯.৬, দমদমে ৩৯.২, সল্টলেকে ৪০.৮, ডায়মন্ডহারবারে ৩৯ ক্যানিং ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও, শ্রীনিকেতন ৪০.৮, আসানসোলে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অন্যান্য জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে অনেকদিন ধরে এই তাপপ্রভাবের স্পেলটা থাকছে এবার। অন্যান্য বার এত লম্বা স্পেল থাকে না। গত পাঁচ বছরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে ঠিকই, কিন্তু এক বা দু’দিনের জন্য। তারপরে আবার কমে গেছে। কিন্তু এই ধরনের টানা গরম আগে কোনওদিন চলেনি। গত বছরের দিকে তাকালে দেখা যাবে যে এপ্রিল মাসের ৩০ তারিখে প্রথম ঝড়বৃষ্টি হয়েছিল। ফেব্রুয়ারিতেও প্রচুর বৃষ্টি হয়েছিল। এ বছর মার্চে কিন্তু তুলনামূলক ভাবে তাপমাত্রা ভাল ছিল। এবার এপ্রিলে গতবারের মতো একটাও ঝড়বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত। গত বছর তাপমাত্রা এই লেভেলে এতদিন ধরে বেশি ছিল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *