RUSHvsUKR: বাখমুত দখলে চলছে চড়ম লড়াই, পালাচ্ছে সাধারণ মানুষজন

ইউক্রেনীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল যুদ্ধ চলছে। রুশ সেনা ও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের যৌথ হামলায় টালমাটাল হয়ে পড়েছেন ইউক্রেনের সেনারা।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুদ্ধের মধ্যে টিকতে না পেরে বাখমুতে থাকা সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছেন। তাদের পালাতে সাহায্য করছে ইউক্রেনীয় বাহিনী। কারণ যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি নেই।

খবরে বলা হয়, শনিবার বাখমুতের বাইরে একটি অস্থায়ী সেতু পার হওয়ার চেষ্টাকালে গোলাগুলিতে একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া দুজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। ইউক্রেনীয় সেনারা তাদের পালাতে সহায়তা করছিল।

নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একজন সেনা প্রতিনিধি বার্তা সংস্থা এপিকে বলেছেন, বেসামরিক নাগরিকদের জন্য যানবাহনে শহর ত্যাগ করা এখন খুবই বিপজ্জনক। তাই লোকজনকে পায়ে হেঁটে পালিয়ে যেতে হচ্ছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে বাখমুত শহরকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছেন রুশ সেনাবাহিনী ও ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সদস্যরা। তাদের যৌথ হামলার মুখে টিকতে পারছে না ইউক্রেনীয় সেনাবাহিনী। ফলে শহরটির মূল অংশের কাছাকাছি চলে এসেছে রুশ বাহিনী।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তা এবং অন্যান্য পশ্চিমা বিশ্লেষকদের মতে, বিগত ৩৬ ঘণ্টার মধ্যে ইউক্রেনীয় ইউনিটগুলো বাখমুতের ঠিক বাইরে দু’টি মূল সেতু ধ্বংস করেছে, যার মধ্যে একটি চাসিভ ইয়ারের সঙ্গে সংযুক্ত করেছে। সেই সঙ্গে এই সেতুটি ছিল বাখমুতের সঙ্গে আশপাশের এলাকাগুলোর যোগাযোগের সর্বশেষ ও একমাত্র রুট।

বাখমুতের ডেপুটি মেয়র জানিয়েছেন, রুশ সেনারা এখনো শহরটির নিয়ন্ত্রণ নিতে পারেনি।

শহরের বেসামরিক নাগরিক গ্যাস, বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় আশ্রয়কেন্দ্রে লুকিয়ে আছে। শহরটির একটি বিল্ডিংও অক্ষত নেই এবং প্রচণ্ড গোলাবর্ষণে পুরো শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দোনেৎস্ক অঞ্চলের উত্তর-পূর্ব দিকে অবস্থিত গুরুত্বপূর্ণ এ শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলে রাশিয়ার জন্য যুদ্ধে বিজয় লাভ করা অনেকটাই সহজ হবে। শহরটিকে নিজের দখলে নিতে পারলে রাশিয়ার জন্য এক বিরল সাফল্য বলে গণ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *