সৈয়দ মুস্তাক আলিতে ২৩০ স্ট্রাইক রেট! ভারতের জার্সিতে ফেরার লড়াইয়ে সূর্যর বড় বার্তা

বছরের শুরুতে যাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই সূর্যকুমার যাদব এখন জাতীয় দলের বাইরে। টানা ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে নিজের ব্যাটিং সামর্থ্য ও ধরন নিয়ে কোনো সংশয় নেই এই তারকা ক্রিকেটারের; বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় দলে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরবর্তী পর্ব শুরুর আগে নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার জানান, তাঁর ব্যাটিংয়ে কোনো ভুলত্রুটি আছে বলে তিনি মনে করেন না এবং গত পাঁচ বছর ধরে একই ধরনে খেলে আসছেন। তাঁর কথায়, ভারত বা মুম্বই—যে দলের হয়েই খেলুন না কেন, তিনি সবসময় নিজের ব্যাটিং উপভোগ করেছেন।

জাতীয় দল থেকে ছিটকে গেলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন মুম্বই। গ্রুপ পর্বে সাতটি ম্যাচে অপরাজিত থেকে সুপার লিগে জায়গা করে নিয়েছে দলটি। ব্যাট হাতেও ছন্দে রয়েছেন ৩৫ বছর বয়সি এই ব্যাটার; পাঁচ ম্যাচে ২৩০ স্ট্রাইক রেটে করেছেন ২০৪ রান। সুপার লিগে ভালো খেলে দলকে ফাইনালে তোলাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

তবে জাতীয় দলের বাইরে থাকাটা যে তাঁর কাছে সহজ নয়, তাও অকপটে স্বীকার করেছেন সূর্যকুমার। টানা পাঁচ বছর ভারতের হয়ে খেলার পর হঠাৎ করে দূরে সরে থাকতে হওয়ায় বিষয়টি কষ্টদায়ক বলেই জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *