বিয়ের প্রস্তাবে ‘না’, ভোররাতে বাড়িতে ঢুকে তরুণীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ! ছুরির কোপে জখম বাবা-মাও

মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের কথা বলছে উত্তরপ্রদেশ সরকার। এরই মধ্যে লখনউয়ে সামনে এল মহিলার উপর অ্যাসিড হামলার অভিযোগ। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীর বাড়িতে ঢুকে তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে এগিয়ে আসায় তরুণীর বাবা-মায়ের উপরেও ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চারজন। তাঁদের মধ্যে তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনাটি রবিবার ভোরে লখনউয়ের উদয়গঞ্জ এলাকার হুসেনগঞ্জ থানা অঞ্চলের পুরনো আইস ফ্যাক্টরি এলাকায়। অভিযুক্তের নাম তৌসিফ ওরফে মুন্না। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৪(১) ধারায় অ্যাসিড হামলার মাধ্যমে আঘাত এবং ১০৯(১) ধারায় খুনের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, তারপরই হামলার অভিযোগ
অভিযোগ অনুযায়ী, রবিবার ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে শাহনওয়াজের বাড়িতে জোর করে ঢুকে পড়ে তৌসিফ। এরপর শাহনওয়াজের মেয়ে সানিয়াকে বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তরুণী। অভিযোগ, এরপরই সানিয়ার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে অভিযুক্ত। অ্যাসিডের আঘাতে তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
মেয়েকে বাঁচাতে এগিয়ে আসেন সানিয়ার বাবা শাহনওয়াজ ও মা আসমা। অভিযোগ, সেই সময় তাঁদের উপর ছুরি নিয়ে হামলা চালায় তৌসিফ। হামলায় গুরুতর জখম হন দু’জনেই।
এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন শাহনওয়াজের ভাই মহম্মদ লাইক। তাঁর দাবি, অভিযুক্ত তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। একই এলাকায় বসবাস করত সে। দীর্ঘদিন ধরেই সানিয়াকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তৌসিফ। তরুণী রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
কেজিএমইউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন চারজন
হামলার পর আহত সানিয়া এবং তাঁর বাবা-মাকে দ্রুত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহত চারজনের মধ্যে তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
লখনউ পুলিশের সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার অর্পিত বিজয়বর্গীয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত তরুণীর দূরসম্পর্কের আত্মীয়। আহত চারজনই কেজিএমইউয়ের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খোলাবাজারে অ্যাসিড বিক্রির উপর নিষেধাজ্ঞা এবং অ্যাসিড হামলা রুখতে একাধিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ফের প্রশ্ন তুলে দিল মহিলাদের নিরাপত্তা নিয়ে।