পরপর দু’দিনে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা! পুঞ্চে পাক নাগরিক গ্রেফতার, পাঠানকোটে মৃত্যু

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল ভারতীয় সেনা। পুঞ্চ জেলার খারি করমারা সেক্টরে এই ঘটনা ঘটেছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সীমান্তে টহল দেওয়ার সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সতর্ক হয়ে এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা।
এরপর অভিযুক্ত ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে ঢুকতেই তাঁকে আটক করা হয়। ধৃতের নাম মহম্মদ জামিল, তাঁর বাবার নাম গুলাম হুসেন। তিনি পাকিস্তানের কাকুটা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুঞ্চের কর্মারা গ্রামের রাঙ্গার নাল্লা এলাকার কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় এবং ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
তদন্ত ও জিজ্ঞাসাবাদ মহম্মদ জামিল কী উদ্দেশ্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি ভুলবশত সীমান্ত পার করেছিলেন নাকি পরিকল্পিত অনুপ্রবেশের চেষ্টা ছিল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। বিভিন্ন নিরাপত্তা সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সীমান্ত পেরোনোর আগে কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না এবং পাকিস্তানের কোনও ব্যক্তি বা সংগঠনের সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিরাপত্তা মহলের একাংশের আশঙ্কা, নিয়ন্ত্রণরেখা বরাবর অনেক সময় সাধারণ নাগরিকদের পাঠিয়ে ভারতীয় সেনার টহলদারি ও সতর্কতা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের কৌশল নেওয়া হয়। তবে জামিলের ক্ষেত্রে এমন কোনও ছক ছিল কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। তাঁর কাছ থেকে কোনও সন্দেহজনক সামগ্রী মিলেছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
পাঠানকোটের ঘটনা ও সীমান্তের চ্যালেঞ্জ উল্লেখ্য, পুঞ্চের এই ঘটনার ঠিক আগের দিন পাঞ্জাবের পাঠানকোট সংলগ্ন বামিয়াল সেক্টরেও অনুপ্রবেশের চেষ্টা হয় বলে খবর। বিএসএফের দাবি, সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টাকালে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং বিএসএফের গুলিতে ওই পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়। পরপর দু’দিনে দুই সীমান্ত এলাকায় এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে। পাহাড়ি ও দুর্গম ভূপ্রকৃতির কারণে পুঞ্চ-রাজৌরি-সহ সংলগ্ন সীমান্তে নজরদারি রাখা সেনার কাছে বড় চ্যালেঞ্জ হওয়ায় সামান্য সন্দেহজনক গতিবিধিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।