‘ইন্ডি জোটে ফিরে কী লাভ?’ বিস্ফোরক প্রশ্ন স্ট্যালিনের! খালি হাতে ফিরলেন বিরোধী নেতারা

সোমবার সংসদে জোড়া বিল পেশের আগে জাতীয় রাজনীতিতে তীব্র নাটকীয়তা। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক শেষ করলেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরের নেতারা। সূত্রের খবর, রবিবার চেন্নাইয়ে বৈঠক হলেও স্ট্যালিনের মন গলাতে পারেননি তাঁরা। প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের পক্ষেই থাকার বার্তা দিয়েছেন ডিএমকে প্রধান। তাঁর দাবি, এই বিল তামিলনাড়ুর স্বার্থের পক্ষে।

বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়িয়েছে। সূত্রের দাবি, আলোচনায় স্ট্যালিন প্রশ্ন তোলেন, এখন আর বিরোধী জোটে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা কোথায় এবং ইন্ডি জোটে যাওয়ার বিকল্প কী রয়েছে। বিরোধী নেতাদের অনুরোধ সত্ত্বেও আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় রাজি হননি তিনি।

কী বললেন স্ট্যালিন? রাহুলদের বৈঠকের পর স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান এম কে স্ট্যালিন। তাঁর বক্তব্য, ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকে-র দাবি মেনে নিয়েছে মোদি সরকার এবং তামিলনাড়ুবাসীর স্বার্থেই এই বিলকে সমর্থন জানাচ্ছে দল।

উল্লেখ্য, সংসদের অধিবেশনের বর্ধিত পর্বে আসন পুনর্বিন্যাস বিল পেশ করে তা পাশ করানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে কেন্দ্র। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাওয়ার মধ্যেই বিরোধী শিবিরে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে ডিএমকে-র এই অবস্থানকে।

এনসিপি (এসপি)-র অন্দরেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা অন্যদিকে, আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছে শরদ পাওয়ারের দল এনসিপি (এসপি)। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন দলেরই পাঁচজন সাংসদ। সোমবার সকালে দিল্লিতে দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলের সঙ্গে বৈঠকে বসার কথা এনসিপি (এসপি)-র আট লোকসভা সাংসদের। লোকসভায় বিল পেশের ঠিক আগে সেই বৈঠকেই দলের চূড়ান্ত অবস্থান নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *