খাদ্য সুরক্ষা দফতরের হানায় চাঞ্চল্য, রান্নাঘরের বেহাল দশা দেখে ১৪ দিনের জন্য বন্ধ রেস্তোরাঁ

সল্টলেকের রেস্তোরাঁগুলিতে খাদ্যের গুণগত মান ও পরিচ্ছন্নতা নিয়ে বড়সড় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। রবিবার সকালে সল্টলেকের FE ব্লকে একাধিক রেস্তোরাঁ ও স্ন্যাক্সের দোকানে হানা দেন দফতরের আধিকারিকরা। অভিযানে সামনে আসে একাধিক অনিয়ম। সবচেয়ে গুরুতর পরিস্থিতি ধরা পড়ে ‘কষে কষা’ রেস্তোরাঁর রান্নাঘরে। অভিযোগ, সেখানে রান্নাঘরের অপরিচ্ছন্নতা থেকে শুরু করে খাবার সংরক্ষণ—একাধিক ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছিল না। এর জেরে আপাতত ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রেস্তোরাঁটি।
অভিযানের সময় রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি খাবারের গুণগত মান, সংরক্ষণের পদ্ধতি এবং রান্নাঘরের পরিচ্ছন্নতাও পরীক্ষা করা হয়। বেশ কয়েকটি দোকানে অনিয়মের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
কোথাও মেয়াদোত্তীর্ণ স্যান্ডউইচ, কোথাও গলে যাওয়া আইসক্রিম
অভিযান চলাকালীন একটি স্ন্যাক্সের দোকানে মেয়াদ উত্তীর্ণ স্যান্ডউইচের সন্ধান পান আধিকারিকরা। অন্য একটি জায়গায় বিক্রির জন্য রাখা ছিল গলে যাওয়া আইসক্রিম। কয়েকটি দোকানের রান্নাঘরে আবার বাথরুম ও ঘর পরিষ্কারের রাসায়নিক সামগ্রীও রাখা ছিল। খাবার তৈরির জায়গায় এই ধরনের রাসায়নিক সামগ্রী রাখার বিষয়টি নিয়েও দোকান মালিকদের সতর্ক করা হয়।
রান্নাঘরে ইঁদুর, টিকটিকি ও ছুঁচোর মল
এরপর খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা অভিযান চালান সল্টলেকের ‘কষে কষা’ রেস্তোরাঁয়। সেখানে রান্নাঘরের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। অভিযোগ, রান্নাঘরে ইঁদুর, টিকটিকি ও ছুঁচোর মল পাওয়া যায়। শুধু তাই নয়, মেঝেতে খাবারও পড়ে থাকতে দেখা যায়। রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে একাধিক গুরুতর অনিয়মের পাশাপাশি রেস্তোরাঁর লাইসেন্স সংক্রান্ত কিছু ভুলত্রুটিও নজরে আসে।
এই সমস্ত অনিয়মের পরিপ্রেক্ষিতে ‘কষে কষা’ রেস্তোরাঁটি ১৪ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় খাদ্য সুরক্ষা দফতর। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন ও নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দফতরের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।