যশোহর রোড চার লেনের ঘোষণায় উচ্ছ্বাস ও উৎকণ্ঠা, পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের

যশোহর রোড সম্প্রসারণের ঘোষণা করা হয়েছে। বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার রাস্তা চার লেন করা হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির এই ঘোষণার পর স্থানীয় বাসিন্দাদের একাংশে খুশির হাওয়া বইলেও জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। বিশেষ করে মধ্যমগ্রাম, বারাসাত, অশোকনগর, হাবড়া এবং বনগাঁর বহু ব্যবসায়ী এই নিয়ে আশঙ্কায় রয়েছেন। এর মধ্যেই রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁর বাসিন্দা অশোক কীর্তনিয়া স্পষ্ট করেছেন যে উন্নয়নের ক্ষেত্রে কোনও রকম আপস করা হবে না এবং যশোহর রোডের আশপাশে যাঁরা রয়েছেন, তাঁদের মানসিক ভাবে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্থানীয় ছোট ব্যবসায়ীদের বড় অংশ উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন।

যদিও এ বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন জেলার জনপ্রতিনিধিরা। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, জমি অধিগ্রহণের বিষয়টি যুক্ত থাকায় পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। একই সঙ্গে রাস্তার ধারে থাকা ব্যবসায়ীদের বিষয়টিও সরকারের তরফে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই যশোহর রোড চওড়া করার দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দাদের একটি অংশ। তবে একই সঙ্গে উদ্বেগের জায়গাও ছিল, কারণ হাবড়া, দত্তপুকুর, বারাসত, বামনগাছি এবং অশোকনগরের মতো একাধিক এলাকা ঘনবসতিপূর্ণ এবং রাস্তার পাশ ঘেঁষে রয়েছে অসংখ্য আবাসন ও দোকানপাট। রাস্তা সম্প্রসারণ হলে সেগুলি ভাঙা পড়ার আশঙ্কা রয়েছে। তবে মূলত দোকানিদের বক্তব্য, সঠিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন পেলে তাঁরা পূর্ণ সহযোগিতা করবেন। অতীতেও রাস্তা চওড়া করার কাজের সময় দোকানের সামনের বেশ কিছুটা অংশ রাস্তার জন্য ছেড়ে দিতে হয়েছিল ব্যবসায়ীদের।

কাজিপাড়া রেললাইনের দু’পাশে চাঁপাডালি মোড়ের মতো ঘিঞ্জি দোকানপাট না থাকলেও যে কয়েকটি দোকান রয়েছে, সেগুলির মালিকেরা প্রাথমিক ভাবে সরে যেতে রাজি বলে জানা গিয়েছে। এক দোকানদারের কথায়, যশোহর রোড সম্প্রসারণের দাবি তাঁরা দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন; তবে এই কাজে দোকান ভাঙা পড়লে পুনর্বাসনের ব্যবস্থা না হলে বড় সমস্যায় পড়বেন তাঁরা।

হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল জানিয়েছেন, সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগোবে এবং কাউকে ক্ষতিগ্রস্ত করে উন্নয়ন করা হবে না। উন্নয়নের পাশাপাশি মানুষের স্বার্থ দেখা হবে এবং যাঁদের ক্ষতি হবে, তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

অন্য দিকে, অশোকনগরের বিধায়ক সুময় হীরা জানিয়েছেন, ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। তাঁর দাবি, অশোকনগরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার থাকাকালীন দারোগাবাড়ি বাজারের পাশে একটি মার্কেটিং কমপ্লেক্স তৈরি করা হয়েছিল, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রাস্তা সম্প্রসারণের জেরে যাঁদের দোকান ক্ষতিগ্রস্ত হবে, তাঁদের ওই মার্কেটিং কমপ্লেক্সে জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *