ডিলিমিটেশন বিতর্কে ‘‘Gerrymandering’ ’ছায়া? নেপথ্যে কি শাসকদলের সুবিধা হবে?

দেশের সংসদে কতজন প্রতিনিধি বসবেন এবং কতজন আইন প্রণয়ন বা সংশোধনে অংশ নেবেন, তা নির্ধারণ করবে লোকসভা কেন্দ্রের আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। এই প্রক্রিয়াকে ঘিরে কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলগুলির মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। সংবিধান সংশোধনের প্রথম প্রয়াস ব্যর্থ হওয়ার পর এ বার দ্বিতীয় বার আরও পরিমার্জিত ও সংখ্যাগরিষ্ঠ পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। ঠিক এই আবহেই রাজনৈতিক মহলে জোর চর্চায় উঠে এসেছে ‘জেরিম্যান্ডারিং’ শব্দটি। কেন এই বিল নিয়ে এত বিতর্ক, বিরোধীদের আপত্তির মূল জায়গা কোথায় এবং সেই প্রশ্নের উত্তর কি এই শব্দের মধ্যেই নিহিত রয়েছে—তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

আসন পুনর্বিন্যাসের ইতিহাস ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের ইতিহাস বেশ পুরনো। স্বাধীনতার আগে ১৯৩৬ সালে ব্রিটিশ সরকার প্রথম ‘ইন্ডিয়ান ডিলিমিটেশন কমিটি’ গঠন করেছিল, যার সভাপতি ছিলেন স্যার লরি হ্যামন্ড। স্বাধীনতার পর জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের জন্য ১৯৫২ সালে প্রথম, ১৯৬৩ সালে দ্বিতীয় এবং ১৯৭৩ সালে তৃতীয় ডিলিমিটেশন কমিশন গঠিত হয়। সে সময় যথাক্রমে ১৯৫১, ১৯৬১ এবং ১৯৭১ সালের জনগণনার তথ্যকে ভিত্তি করা হয়েছিল।

১৯৭৬ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে লোকসভার আসন বণ্টনের সংখ্যা স্থগিত বা ফ্রিজ করা হয়। তৎকালীন সরকারের যুক্তি ছিল, জরুরি অবস্থার সময় যে রাজ্যগুলি জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে, নতুন করে আসন পুনর্বিন্যাস হলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে; কারণ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকা রাজ্যগুলি তখন লোকসভায় বেশি আসন পেত। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ২০০০ সালের পরবর্তী প্রথম জনগণনা পর্যন্ত আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে।

পরবর্তীকালে ২০০১ সালে ৮৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের স্থগিতাদেশ ২০২৬ সালের পরবর্তী প্রথম জনগণনা পর্যন্ত বাড়ানো হয়। তৎকালীন আইনমন্ত্রী অরুণ জেটলি সংসদে জানিয়েছিলেন, যে রাজ্যগুলি পরিবার পরিকল্পনা কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়ন করেছে এবং যে রাজ্যগুলি তা করেনি, তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই আসন সংখ্যা নির্দিষ্ট রাখা হয়েছে।

‘জেরিম্যান্ডারিং’-এর অভিযোগ কেন? বিরোধীদের অভিযোগ, মহিলা সংরক্ষণকে সামনে রেখে আসলে লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে শাসকদল। এখান থেকেই উঠে আসছে ‘জেরিম্যান্ডারিং’ প্রসঙ্গ।

এই শব্দটির উৎস আমেরিকার ম্যাসাচুসেটসে। ১৮১২ সালে সেখানকার গভর্নর এলব্রিজ জেরি স্টেট সেনেট জেলার সীমানা পুনর্নির্ধারণের একটি বিলে স্বাক্ষর করেন। অভিযোগ ওঠে, ফেডারেলিস্টদের বদলে ডেমোক্রেটিক-রিপাবলিকানদের সুবিধা দিতেই সীমানা বদলানো হয়েছিল। ওই পরিবর্তনে এসেক্স কাউন্টির নতুন মানচিত্র দেখতে অনেকটা স্যালামান্ডারের মতো হয়ে যায়। সেই সময় ‘বোস্টন গেজেট’-এ শিল্পী এলকানাহ টিসডেলের আঁকা একটি কার্টুনে বিকৃত জেলাটিকে ডানাযুক্ত দানব হিসেবে দেখিয়ে নাম দেওয়া হয় ‘জেরি-ম্যান্ডার’। সেখান থেকেই এই কৌশলকে ব্যঙ্গার্থে ‘জেরিম্যান্ডারিং’ বলা শুরু হয়।

জেরিম্যান্ডারিং এমন একটি পদ্ধতি, যেখানে নির্বাচনী কেন্দ্রের ভৌগোলিক সীমানা এমনভাবে সাজানো হয় যাতে কোনও একটি রাজনৈতিক দল নির্বাচনে বাড়তি সুবিধা পায়। কোনও নির্দিষ্ট এলাকায় একটি দলের জনসমর্থন বেশি থাকলে সেই এলাকাকে একাধিক কেন্দ্রে ভাগ করে দিলে প্রতিটি কেন্দ্রে ওই দলের ভোট কমে যেতে পারে। বিপরীতে, বিরোধী সমর্থকদের একটি কেন্দ্রে কেন্দ্রীভূত করলে সেখানে বিরোধীরা বড় ব্যবধানে জিতলেও অন্য কেন্দ্রগুলিতে তাদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ, সামগ্রিক ভোটের হার না বদলেও আসন জয়ের সমীকরণ বদলে দেওয়া সম্ভব হয়।

এই প্রক্রিয়ায় মূলত দুটি কৌশল ব্যবহার করা হয়—

  • প্যাকিং: বিরোধী দলের সমর্থকদের একটি বা কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে একত্রিত করা হয়, যাতে ওই আসনগুলিতে বিরোধীরা বিপুল ভোটে জিতলেও অন্যত্র তাদের প্রভাব কমে।

  • ক্র্যাকিং: কোনও নির্দিষ্ট দলের সমর্থকদের একাধিক নির্বাচনী কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়, যাতে কোনও একটি কেন্দ্রেও তারা সংখ্যাগরিষ্ঠতা না পায়।

এর আগে ২০২৩ সালে অসম ডিলিমিটেশন প্রক্রিয়ায় রাজ্যের বিধানসভা আসন সংখ্যা ১২৬-এ অপরিবর্তিত রাখা হলেও একাধিক কেন্দ্রের সীমানা ও সংরক্ষণের ধরন বদলানো হয়েছিল। সে সময়ও শাসকদলের স্বার্থে এই প্রক্রিয়া চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা।

নতুন ডিলিমিটেশন বিল পাশ করানোর বিষয়ে আশাবাদী কেন্দ্র। তবে আসন পুনর্বিন্যাসের পর সত্যিই শাসকদলের পাল্লা ভারী হবে কি না, তা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *