ডিলিমিটেশন বিলে সমর্থন ডিএমকের? বিরোধীদের জোটের সমীকরণে বড় ধাক্কা!

সোমবারেই সংসদে পেশ হতে পারে ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাস বিল। আর তার আগে নম্বর জোগাড় করতে মরিয়া শাসক থেকে বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই ডিএমকে-র অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে। শনিবার দলীয় বৈঠক ঘিরে জল্পনার মাঝে ডিএমকে-র তরফে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানানোর বিষয়টি সামনে এসেছে। অন্যদিকে বিল সমর্থনের স্পষ্ট আভাস মিলেছে শরদ পাওয়ারের এনসিপি-র তরফেও। সূত্রের খবর, এদিন মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে ডাকা বিরোধী জোটের বৈঠকে না যাওয়ার বিষয়টিও আগে থেকে স্পষ্ট করে দিয়েছিলেন এনসিপি নেতৃত্ব। তাই সংসদে ডিলিমিটেশন বিল পেশের আগে বিরোধী জোটের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।

দলীয় শীর্ষ সূত্রের ইঙ্গিত, ডিলিমিটেশন নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের দাবিগুলি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে প্রস্তাবিত বিল নিয়ে নিজেদের অবস্থান বদলাতে পারে স্ট্যালিনের দল। ডিএমকের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, তাদের নেতার দাবিগুলি কেন্দ্র মেনে নিয়েছে। এই মন্তব্যের পরেই কেন্দ্রের সংশোধিত বিলের প্রতি ডিএমকের সম্ভাব্য সমর্থন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। শনিবার সকালে ডিএমকে সাংসদদের বৈঠকে ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনা ও চূড়ান্ত অবস্থান নির্ধারণের কথা রয়েছে।

সংবিধান সংশোধনী বিল সংসদে পাশ করাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। লোকসভায় ডিএমকের ২২ জন সাংসদ রয়েছেন, ফলে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হতে পারে। শুক্রবারই এম কে স্ট্যালিন স্পষ্ট করেছিলেন যে লোকসভায় আসনসংখ্যা বাড়লেও তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্বের হার কমানো চলবে না এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসন বণ্টনের ব্যবস্থা আরও ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে।

কেন্দ্রের সংশোধিত ডিলিমিটেশন প্রস্তাবে প্রতিটি রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজ্যগুলির মধ্যে বর্তমানে যে অনুপাতে আসন বণ্টন রয়েছে, তা বজায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই আসন পুনর্বিন্যাস জনসংখ্যাভিত্তিক ডিলিমিটেশন থেকে আলাদা রাখার কথা বলা হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা ছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে লোকসভায় তাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে। সংশোধিত প্রস্তাবে সেই উদ্বেগ দূর করার চেষ্টা করা হয়েছে।

প্রস্তাবিত বিলের সমর্থন আদায়ে দক্ষিণ ভারতের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বিজেপি। গত এপ্রিল মাসে আনা আগের সংবিধান সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করেছিল ডিএমকে ও অন্যান্য বিরোধী দল, ফলে তখন বিলটি পাশ হয়নি। এবার সংশোধিত প্রস্তাবে স্ট্যালিনের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত মেলায় ডিএমকের অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বিল সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দলের নেতা জিতেন্দ্র আওহাদ জানান, আসন পুনর্বিন্যাস একটি সাংবিধানিক প্রক্রিয়া হওয়ায় তাঁর দল এই প্রস্তাবকে সমর্থন করবে। লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলেকে মন্ত্রিত্ব দেওয়ার জল্পনার মাঝেই এই সিদ্ধান্ত সামনে এসেছে। এদিকে ভোটাভুটিতে এনসিপিআই হাজির থাকবে না বলে জানা গেছে। এর মাঝেই মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী ফ্লোর লিডারদের বৈঠকে কংগ্রেস, আরজেডি, সিপিআই, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *