একদিনে ২৮ গান রেকর্ড, গিনেস রেকর্ডের পেছনের অজানা গল্প শোনালেন কুমার সানু!

নব্বইয়ের দশকে হিন্দি ছবির গানে একের পর এক জনপ্রিয় গান উপহার দেওয়া সংগীতশিল্পী কুমার সানু তাঁর ক্যারিয়ারে এমন একটি কীর্তি গড়েছিলেন, যা আজও সবাইকে চমকে দেয়। একদিনে ২৮টি গান রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন তিনি।

সেই সময়ে গান রেকর্ডিং এখনকার মতো এত সহজ ছিল না। সুরকার, গায়ক এবং পুরো দলকে স্টুডিওতে দীর্ঘ সময় পরিশ্রম করতে হতো। এমন পরিস্থিতিতে একদিনে ২৮টি গান রেকর্ড করা ছিল বড় সাফল্য। এবার সেই রেকর্ডের নেপথ্যের গল্প শোনালেন কুমার সানু, জানালেন কীভাবে অল্প সময়ে এতগুলো গান গাওয়া সম্ভব হয়েছিল।

আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেন। বর্তমানে তিনি তাঁর নতুন গান সুনিয়ো জরা-র প্রচারে ব্যস্ত। একদিনে ২৮টি গান গাওয়ার রহস্য জানতে চাওয়া হলে দ্রুত গান আয়ত্ত করে সঙ্গে সঙ্গে গাওয়ার সামর্থ্যের কথাই তুলে ধরেন তিনি।

কুমার সানু জানান, অনেকেই জানতে চান তিনি কীভাবে ২৮টি গান গেয়েছিলেন। তাঁর কথায়, তিনি খুব দ্রুত গান ধরতে পারেন এবং বুঝতে ও গাইতে সময় নেন না। এটি ঈশ্বরের আশীর্বাদ ও বাবা-মায়ের দোয়া বলে মনে করেন তিনি। সে সময় একদিনে ১০, ১২ বা ১৫টি গানও রেকর্ড করতেন তিনি। কোনো শিল্পীর জনপ্রিয়তা বাড়লে সবার চাহিদাও বাড়ে, আর কাউকে না বলতে না চাওয়াই তাঁর স্বভাব। কারও তাড়া থাকত, আবার কারও ছবির শুটিং আটকে থাকত রেকর্ডিংয়ের জন্য।

তিনি আরও বলেন, কাউকে ফিরিয়ে দেওয়া তাঁর কাছে কঠিন ছিল না। নিজের শর্তে চলতেই পছন্দ করেন এবং নিজের স্বভাব বদলানো তাঁর পক্ষে সম্ভব নয়। এ কারণে নানা সমস্যায় পড়লেও তিনি পরোয়া করেননি এবং নিজের মতো করেই এগিয়ে গেছেন।

চল্লিশ দিনের আমেরিকা সফরে যাওয়ার আগের দিনের ঘটনাও ভাগ করে নেন তিনি। সানুর ভাষায়, দীর্ঘ সফরে গেলে অনেকের ছবির শুটিং থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তখন তিনি তাঁর সেক্রেটারিকে সবাইকে ফোন করে একে একে নিজের স্টুডিওতে ডাকতে বলেন, যাতে বসেই সবার গান রেকর্ড করা যায়। নিজের স্টুডিও হওয়ায় সুবিধাও হয়েছিল।

চা-নাশতা খেতে খেতেই স্টুডিওতে রেকর্ডিং চলতে থাকে। সাধারণত একটি গান রেকর্ড করতে তাঁর ২০ থেকে ২৫ মিনিট সময় লাগত। উদাহরণ হিসেবে আশিকি ছবির জনপ্রিয় গান সোচেঙ্গে তুমহে পেয়ার-এর কথা উল্লেখ করে তিনি জানান, গানটি রেকর্ড করতে তাঁর লেগেছিল মাত্র নয় মিনিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *