বাটি নয়, কাঠের সিন্দুকে আসে সোনা মোড়ানো ডাল! নেটদুনিয়ায় ভাইরাল ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’

সোনা দিয়ে তৈরি গয়নার কথা তো সকলেই শুনেছেন, কিন্তু সোনা দেওয়া ডাল তড়কা? শুনতে অবাক লাগলেও এমনই এক বিলাসবহুল পদ মিলছে দুবাইয়ে সেলিব্রিটি শেফ রণবীর ব্রারের রেস্তোরাঁ ‘কাশকান’-এ।

সাধারণত বাঙালি বা ভারতীয়দের পাতে ডাল তড়কা রোজকার পরিচিত খাবার হলেও, দুবাইয়ে এটি এখন রীতিমতো লাক্সারি ফুডে পরিণত হয়েছে। রণবীর ব্রারের সিগনেচার এই বিশেষ পদে হলুদ ডালের উপর দেওয়া হচ্ছে আসল ২৪ ক্যারাট ভোজ্য সোনার পাতলা পরত। রেস্তোরাঁ সূত্রে জানা গিয়েছে, এই সোনা শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং অনায়াসেই খাওয়া যায়।

দাম কত? ‘কাশকান’ দুবাইয়ের মেনু অনুযায়ী, এই গোল্ড ডাল তড়কার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। দুবাইয়ের মুদ্রায় এর দাম পড়ে প্রায় ১৫০ থেকে ১৮০ দিরহাম। সাধারণ ডালের তুলনায় দাম অনেকটাই বেশি হলেও, ২৪ ক্যারাট সোনার ব্যবহারের কারণেই এই চড়া মূল্য।

খেতে কেমন ও পরিবেশনের চমক যাঁরা এই পদ চেখে দেখেছেন তাঁদের মতে, সোনার কোনও আলাদা স্বাদ নেই; এটি মূলত পদের সৌন্দর্য ও আভিজাত্য বাড়ানোর জন্যই দেওয়া হয়। তবে ডালের স্বাদ একেবারে রাজকীয়। দেশি ঘি, কাসুরি মেথি এবং বিশেষ তড়কায় তৈরি এই ডাল মুখে দিলেই গলে যায়, আর উপরে সোনার পরত থাকায় দেখতেও লাগে অত্যন্ত লোভনীয়।

খাবারের পাশাপাশি এর পরিবেশনেও রয়েছে দারুণ অভিনবত্ব। সাধারণ বাটির বদলে এই ডাল পরিবেশন করা হয় কাঠের একটি সিন্দুকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে রেস্তোরাঁর এক কর্মীকে বলতে শোনা যায়, “আমরা ভারতীয়। আমাদের অভ্যাস, যা কিছু দামি, তা সিন্দুকের মধ্যে রাখা হয়। তাই আমরা একে বলি ‘দ্য ট্রেজার বক্স অফ ডাল কাশকান’।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ ডালের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এবং বহু ফুড ব্লগার একে ‘বিলাসবহুল ভারতীয় খাবারের নতুন সংজ্ঞা’ বলে অভিহিত করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *