প্রায় ৩ হাজার পড়ুয়া ও গবেষক পাবেন বাড়তি সুবিধা! বড় চুক্তি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘Scientific and Technological Synergy: A Cross-Disciplinary Approach to Support Human Welfare and Environment’ (ICSTS 2026)। এই সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন সংস্থার তৈরি রোবট অতিথিদের আতিথেয়তায় অংশগ্রহণ করে। পাশাপাশি, আইআইটি খড়গপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দু’টি পৃথক সমঝোতাপত্র বা মউ (MoU) স্বাক্ষর করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
মূলত মানবকল্যাণ, পরিবেশের স্থায়িত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সম্পর্কিত সমসাময়িক সমস্যাগুলোর সমাধানে আন্তঃবিষয়ক গবেষণা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানোই এই আন্তর্জাতিক সম্মেলনের মূল লক্ষ্য। এই সম্মেলনে ভারত-সহ বিশ্বের আরও সাতটি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের শুক্রবার ছিল শেষ দিন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী এবং আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। এ ছাড়া পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিকার্ডো সিলভেস্ত্রি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা, বিধায়ক তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্করকুমার গুছাইত, উপাচার্য দীপক কর এবং রেজিস্টার জয়ন্ত কিশোর নন্দী-সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মঞ্চে উপস্থিত অতিথিদের হাত ধরে ICSTS 2026-এর বুক অব অ্যাবস্ট্রাক্টস প্রকাশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে আইআইটি খড়গপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দু’টি পৃথক মউ স্বাক্ষরিত হয়। এর ফলে যৌথ গবেষণা, শিক্ষক ও ছাত্রছাত্রীদের আদান-প্রদান, জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। প্রধান বক্তা হিসেবে পর্তুগালের অধ্যাপক রিকার্ডো সিলভেস্ত্রি বিভিন্ন বিষয় ও আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
সম্মেলনে মোট ৩২ জন পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তা অংশগ্রহণ করেন; তাঁদের মধ্যে ৭ জন আন্তর্জাতিক এবং ২৫ জন ভারতের বিশিষ্ট বক্তা। ছয়টি উপবিষয়ের অধীনে প্রায় ৩০০টি গবেষণাপত্র মৌখিক ও পোস্টারের মাধ্যমে উপস্থাপিত হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১,২০০ জন স্নাতকোত্তর স্তরের পড়ুয়া, গবেষক, শিক্ষক ও অন্যান্য অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনীতে মোট ২১টি স্টল স্থান পায়।
প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর মধ্যে ছিল ভারতীয় জাদুঘর, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI), প্রাণিবিদ্যা সর্বেক্ষণ (ZSI), উদ্ভিদবিদ্যা সর্বেক্ষণ (BSI), আইআইটি খড়গপুর, WWF, ROBONIX, Jayjyoti, Jindal Steel এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নানা দিক তুলে ধরা হয় এই প্রদর্শনীতে।
উপাচার্য দীপক কর জানান, প্রযুক্তির সহায়তায় কীভাবে জাতীয় পতাকা উত্তোলন বা স্বামী বিবেকানন্দের মূর্তিতে উপর থেকে ফুল ছড়ানো যায়, তা এই প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়েছে। মউ স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, “এর ফলে প্রায় তিন হাজার স্টুডেন্ট, রিসার্চ, মাস্টার্সরা স্কলারশিপরাও উপকৃত হবেন। বিশেষ করে আজকের সম্মেলনে মেলা জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে অনুপ্রাণিত হবেন তাঁরা। এছাড়া এখানে আইআইটি-র সেন্টার তৈরি হবে। বড় ধরনের টেকনোলজির আদানপ্রদান হবে দুই প্রতিষ্ঠানের মধ্যে।”
অন্যদিকে, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী আন্তঃবিষয়ক গবেষণা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার সম্ভাবনার কথা উল্লেখ করেন।