লাল, হলুদ না রাসেট? রক্তে শর্করা বাড়াতে কোন আলু এগিয়ে, চমকে দেওয়ার মতো তথ্য

লাল, হলুদ আর রাসেট—এই তিন ধরনের আলুই শ্বেতসারসমৃদ্ধ মূলজাতীয় সবজি এবং স্বাস্থ্যকর খাদ্যতালিকায় রাখা যায়। তবে রক্তে শর্করার ওপর প্রভাবের দিক থেকে এক ধরনের আলুকে অন্যটির চেয়ে ভালো বলার মতো পর্যাপ্ত তথ্য নেই। তাই নিজের পছন্দ অনুযায়ী আলু খাওয়া যেতে পারে, তবে পরিমাণ এবং রান্নার পদ্ধতির দিকে খেয়াল রাখা জরুরি।

আলুর শ্বেতসার কীভাবে কাজ করে

লাল, হলুদ ও রাসেট—তিন ধরনের আলুতেই শ্বেতসারের পরিমাণ বেশি। প্রতি ১০০ গ্রাম আলুতে শ্বেতসার থাকে প্রায় ৬০ থেকে ৭০ গ্রাম।

আলুর শ্বেতসারের বেশির ভাগই দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তবে এতে সামান্য পরিমাণে প্রতিরোধী শ্বেতসারও থাকে, যা খাদ্যআঁশের মতো কাজ করে এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, তিন ধরনের আলুতেই প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ প্রায় সমান।

গ্লাইসেমিক প্রতিক্রিয়া ও পরিমাণের ভূমিকা

কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রায় যে পরিবর্তন হয়, তাকে গ্লাইসেমিক প্রতিক্রিয়া বলে। আলুতে দ্রুত হজম হয় এমন শ্বেতসার বেশি থাকায় এটি খেলে রক্তে শর্করা মাঝারি থেকে বেশি হারে বাড়তে পারে।

একটি ছোট গবেষণায় দেখা গেছে, লাল, হলুদ ও সাদা আলু খেলে রক্তে শর্করার মাত্রায় প্রায় একই ধরনের পরিবর্তন ঘটে। এখানে জাতের চেয়ে খাওয়ার পরিমাণ বেশি গুরুত্বপূর্ণ। অল্প পরিমাণে আলু খেলে রক্তে শর্করার ওপর এর প্রভাব কম পড়ে।

রান্নার পদ্ধতি কেন এত গুরুত্বপূর্ণ

রক্তে শর্করার ওপর আলুর ধরনের চেয়ে রান্নার কৌশল বেশি প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, সেদ্ধ আলু ঠান্ডা করলে এর কিছু শ্বেতসার প্রতিরোধী শ্বেতসারে রূপান্তরিত হয়। এটি সহজে হজম হয় না, ফলে ঠান্ডা আলু খেলে রক্তে শর্করা দ্রুত বাড়ার আশঙ্কা কমে।

উদাহরণ হিসেবে, সেদ্ধ লাল আলুর গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই ৮৯ হলেও তা ঠান্ডা করলে কমে ৫৬-তে নেমে আসে। জিআই হলো কোনো খাবার খাওয়ার পর রক্তে শর্করা কতটা ও কত দ্রুত বাড়ে, তার পরিমাপক। একইভাবে, রাসেট আলু রান্নার পরপর না খেয়ে ঠান্ডা করে পরে গরম করে খেলে রক্তে শর্করায় প্রভাব কমতে পারে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখে আলু খাওয়ার উপায়

দৈনন্দিন খাদ্যতালিকায় আলু রাখা যায়, তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিচের বিষয়গুলো মেনে চলা জরুরি:

  • পরিমিত পরিমাণে খান: আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী, আলুসহ শ্বেতসারসমৃদ্ধ সবজি ও অন্যান্য স্বাস্থ্যকর শর্করাজাতীয় খাবার পাতে এক-চতুর্থাংশের বেশি রাখা উচিত নয়।

  • রান্নার পদ্ধতিতে গুরুত্ব দিন: আলু সেঁকে খাওয়া যেতে পারে। পাশাপাশি আলুর সালাদের মতো ঠান্ডা আলুও খাওয়া যায়। এসব পদ্ধতিতে প্রতিরোধী শ্বেতসারের পরিমাণ বাড়ে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। অন্যদিকে, ভাজা আলু খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

  • খোসা ফেলে দেবেন না: আলুর খোসায় প্রচুর খাদ্যআঁশ থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

  • অন্য পুষ্টি উপাদানের সঙ্গে খান: আলুর সঙ্গে স্বাস্থ্যকর চর্বি ও কম চর্বিযুক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে গ্লাইসেমিক প্রতিক্রিয়া কমে এবং রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা কমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *