মেকআপ করেও মুখ ফ্ল্যাট ও নিষ্প্রভ দেখায়? জেনে নিন ট্রেন্ডিং ডাইমেনশনাল মেকআপের কৌশল!

মেকআপ করার পরও কি আপনার মুখটা কেমন যেন ফ্ল্যাট বা একঘেয়ে দেখায়? ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ সবই ব্যবহার করছেন, তবু চেহারায় সেই কাঙ্ক্ষিত গ্লো আসছে না? এমন সমস্যার সমাধান হতে পারে ডাইমেনশনাল মেকআপ। বর্তমানে সৌন্দর্যচর্চার দুনিয়ায় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই কৌশল।
সাধারণ মেকআপের তুলনায় এতে মুখের স্বাভাবিক গঠন আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়। আলো ও ছায়ার সঠিক ভারসাম্য বজায় রেখে চেহারাকে আকর্ষণীয় করে তোলাই এই মেকআপের মূল বৈশিষ্ট্য। পার্টি হোক বা বিয়েবাড়ি, সঠিক ধাপ জানলে বাড়িতেই সহজে করে নিতে পারেন এই সাজ।
ডাইমেনশনাল মেকআপ কী?
ডাইমেনশনাল মেকআপ হলো এমন একটি পদ্ধতি, যেখানে কন্ট্যুরিং, হাইলাইটিং ও ব্লাশের সমন্বয়ে মুখে ত্রিমাত্রিক বা থ্রিডি লুক তৈরি করা হয়। সাধারণ মেকআপে অনেক সময় ফাউন্ডেশনের স্তরের নিচে মুখের স্বাভাবিক গঠন কিছুটা চাপা পড়ে যায়। কিন্তু এই পদ্ধতিতে আলো ও ছায়ার খেলায় মুখের প্রতিটি অংশ আলাদাভাবে ফুটে ওঠে।
কন্ট্যুরিংয়ের মাধ্যমে চিকবোনের নিচে, চোয়ালের দুই পাশে এবং নাকের দু’পাশে ত্বকের চেয়ে সামান্য গাঢ় শেড ব্যবহার করে ছায়া তৈরি করা হয়। এতে মুখের কাটিং আরও তীক্ষ্ণ দেখায়। অন্যদিকে কপাল, নাকের ডগা ও চিকবোনের উঁচু অংশে হাইলাইটার লাগিয়ে উজ্জ্বলতা আনা হয়। সবশেষে গালে ব্লাশ লাগালে চেহারায় ফুটে ওঠে স্বাভাবিক সতেজতা।
কীভাবে করবেন ডাইমেনশনাল মেকআপ?
ত্বক প্রস্তুত করুন: মেকআপ সুন্দরভাবে বসাতে ত্বক প্রস্তুত করা জরুরি। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন, যাতে ত্বক তা ভালোভাবে শুষে নেয়। দিনের বেলা মেকআপ করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
তৈরি করুন নিখুঁত বেস: মেকআপ দীর্ঘস্থায়ী করতে মুখে অল্প প্রাইমার লাগান। চোখের নিচে কালচে দাগ থাকলে উপযুক্ত কালার কারেক্টর ব্যবহার করতে পারেন। এরপর নিজের স্কিন টোনের সঙ্গে মানানসই ফাউন্ডেশন নিয়ে বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। চোখের নিচে ও দাগছোপের জায়গায় ফাউন্ডেশনের চেয়ে সামান্য হালকা কনসিলার লাগান। শেষে অল্প কমপ্যাক্ট পাউডার দিয়ে বেস সেট করে নিন।
কন্ট্যুর, ব্লাশ ও হাইলাইটার: এবার আসল ডাইমেনশন তৈরির পালা। চিকবোনের নিচে, চোয়ালের দুই পাশে এবং নাকের দু’পাশে ত্বকের চেয়ে সামান্য গাঢ় শেডের কন্ট্যুর লাগান। এমনভাবে ব্লেন্ড করুন, যাতে কোনো আলাদা রেখা বোঝা না যায়। এরপর গালে পিচ বা হালকা গোলাপি ব্লাশ লাগান। চিকবোনের উপরের অংশ, নাকের ডগা ও কপালের মাঝামাঝি জায়গায় সামান্য হাইলাইটার ব্যবহার করলে মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আসবে।
চোখ ও ঠোঁটের সাজ: আইব্রো পেন্সিল দিয়ে ভ্রু সুন্দরভাবে এঁকে নিন। চোখে পোশাকের সঙ্গে মানানসই আইশ্যাডো লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর আইলাইনার, কাজল ও মাসকারা দিন। ঠোঁটের গঠন স্পষ্ট করতে লিপ লাইনার দিয়ে আউটলাইন এঁকে পছন্দের লিপস্টিক লাগান।
মেকআপ সেট করুন: সবশেষে মুখ থেকে কিছুটা দূরে রেখে সেটিং স্প্রে ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘক্ষণ সতেজ ও সুন্দর থাকবে।
ডাইমেনশনাল মেকআপের সবচেয়ে জরুরি বিষয় হলো অতিরিক্ত কন্ট্যুর বা হাইলাইটার ব্যবহার না করা। মুখের স্বাভাবিক গঠন বজায় রেখে রংগুলো ভালোভাবে ব্লেন্ড করলেই পাবেন নিখুঁত ও পরিপাটি লুক। মেকআপে নতুনত্ব আনতে চাইলে বাড়িতেই একবার চেষ্টা করে দেখতে পারেন এই কৌশল।