দুই ট্রেনের ধাক্কা, কামরার উপর কামরা! ছুটছে দমকল-অ্যাম্বুল্যান্স—আসল ঘটনা কী?

দুই ট্রেনের সংঘর্ষ। সংঘর্ষের অভিঘাতে এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরা অন্য ট্রেনের ওপরে উঠে গিয়েছে। দুই ট্রেনেই আটকে রয়েছেন যাত্রীরা। তাঁদের উদ্ধারে ছোটাছুটি শুরু করেছেন আরপিএফ, পুলিশ, রেলপুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। চারদিকে বাজছে অ্যাম্বুল্যান্স ও দমকলের সাইরেন। শুক্রবার সকালে বর্ধমান স্টেশনের কাছে লোকশেডে এমন দৃশ্য দেখে কৌতূহল তৈরি হলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনও আসল দুর্ঘটনা নয়, বরং একটি ‘নকল দুর্ঘটনা’ বা মক ড্রিল।

আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল এক্সপ্রেসে এমনই কাল্পনিক দুর্ঘটনার পর আটকে পড়া যাত্রীদের উদ্ধারের মহড়া চলে বর্ধমানের লোকশেডে। বাস্তবে কোনও বড় দুর্ঘটনা ঘটলে বিভিন্ন দপ্তরের কর্মীরা নিজেদের মধ্যে সমন্বয় রেখে কত দ্রুত উদ্ধারকাজ চালাতে পারেন এবং কোথাও কোনও খামতি থাকছে কি না, তা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

পুতুল মডেল ও গ্যাস কাটার দিয়ে উদ্ধারকাজ

মহড়ায় কামরার ভেতরে আটকে থাকা যাত্রী হিসেবে রাখা হয়েছিল কয়েকটি পুতুল মডেল। তাঁদের উদ্ধার করতে গ্যাস কাটার দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কামরার জানলা কেটে ক্রেনের সাহায্যে ভেতরে প্রবেশ করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আহতদের স্টেচারে করে নামিয়ে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াও দেখানো হয়। পাশাপাশি রেলের চার থেকে পাঁচজন কর্মীকে অসুস্থ যাত্রী সাজিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে বড় হাইড্রা ক্রেন এনে অন্য ট্রেনের ওপরে উঠে থাকা কামরাটি নামানো হয়।

উপস্থিত ছিলেন রেলের শীর্ষ আধিকারিকরা

এই উদ্ধার মহড়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম এবং রেলওয়ে সেফটি অফিসার-সহ অন্যান্য আধিকারিকরা।

রেলের এক আধিকারিক জানান, বছরভর রেল নানা ছোটখাটো মক ড্রিল করে থাকে। তবে নিয়ম অনুযায়ী বড়সড় বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যুক্ত করে এই ধরনের মহড়া চালানো হয়। এর মাধ্যমে বোঝা যায়, বড় বিপর্যয়ের পরিস্থিতিতে রেলকর্মীরা কতটা প্রস্তুত। উদ্ধারকাজের গতি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করা হয় এবং কোথাও কোনও ফাঁকফোকর থাকলে তা নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হয়।

তথ্যসূত্র ও ছবি: এই সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *