“গুলি ছুড়েও শেষরক্ষা হল না!”-প্রতাপকে যে ভাবে গুলি করল পুলিশ, জানুন বিস্তারিত

সরু গলি, দু’পাশে সারি দিয়ে বাড়ি। জনবহুল এমনই এক এলাকায় শুক্রবার সকালে রীতিমতো সিনেমার কায়দায় অভিযান চালাল পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে একটি বাড়িতে লুকিয়ে থাকা দাগী দুষ্কৃতীকে ধরতে ঘিঞ্জি গলি ও বাড়ির পাঁচিল টপকে চলল খোঁজ। শেষমেশ দুষ্কৃতীর গুলির জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ, আর তাতেই পায়ে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। গোটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

ঘটনাস্থল আসানসোলের হীরাপুর এলাকা। ধৃত দুষ্কৃতীর নাম প্রতাপ দাস। দু’দিন আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল সে। এরপর থেকেই তার খোঁজে জোর তল্লাশি চলছিল। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হীরাপুরের ওই ঘিঞ্জি পাড়ায় হানা দেয় পুলিশের একটি দল।

পাঁচিলের মাথায় উঠে তল্লাশি, স্থানীয়দের সহযোগিতা

পুলিশ জানতে পারে, পাড়ার একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে প্রতাপ। তল্লাশি চলাকালীন স্থানীয় বাসিন্দারাও পুলিশকে সাহায্য করেন এবং কোন বাড়িতে সে লুকিয়ে রয়েছে তা দেখিয়ে দেন। বন্দুক হাতে কখনও এক গলি থেকে অন্য গলি, কখনও আবার পাঁচিলের মাথায় উঠে দুষ্কৃতীর খোঁজ চালাতে দেখা যায় পুলিশকর্মীদের।

পাল্টা ৩ রাউন্ড গুলি, জখম প্রতাপ

নিজেকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরে পালাতে গিয়ে গুলি ছোড়ে প্রতাপ। জবাবে পুলিশ পাল্টা তিন রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলিতে পায়ে লাগে প্রতাপের। মাটিতে পড়ে গেলেও পালাতে মরিয়া চেষ্টা চালায় সে, তবে শেষরক্ষা হয়নি। পরে তাকে ধরে নিয়ে যায় পুলিশ এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

পুরনো অপরাধের লম্বা তালিকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত প্রতাপ। জুভেনাইল আদালতে তার বিচার হয়েছিল এবং দীর্ঘদিন হোমেও কাটিয়েছে সে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অপরাধের পথ ছাড়েনি। অতীতে সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোন খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র সরবরাহের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ অভিযান চালালে গুলি চালিয়ে পালিয়েছিল সে। অবশেষে শুক্রবার সকালে নাটকীয় অভিযানে ধরা পড়ল এই দুষ্কৃতী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *