বাথরুমে ভিডিয়ো থেকে পুতিনের সঙ্গে সেলফি! মস্কোয় চমক দিলেন কেরলের ১৭ বছরের ‘AI কিড’ রাহুল

মস্কোয় অনুষ্ঠিত ‘AI জার্নি ২০২৬’ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে সাড়া ফেলেছেন কেরলের ১৭ বছর বয়সি তরুণ উদ্ভাবক রাহুল জন আজু, যিনি ভারতের ‘AI কিড’ নামে পরিচিত। ইনস্টাগ্রামে ছবি ও ভিডিয়ো শেয়ার করে রাহুল জানান, ৯ বছর বয়সে বাড়ির বাথরুমে শখের বসে ভিডিয়ো বানানো শুরু করা ছেলেটির জীবনে এই মুহূর্ত অভাবনীয়।
নর্থ এডাপল্লি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বাদশ শ্রেণির কমার্সের ছাত্র রাহুল ‘এআইরিয়েলম টেকনোলজিস’-এর প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার। তাঁর সংস্থায় কর্মরত বাবা মাসে প্রায় ২ লক্ষ টাকা বেতন পান বলে জানা গেছে। রাহুল প্রায় ১৫টি এআই টুল তৈরি এবং প্রায় ৫ লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন; কেরল সরকারের সঙ্গে ‘জাস্টিজ’ ও জরুরি-আইনি সহায়তায় ‘রেসকিউ এআই’ তার অন্যতম প্রকল্প।
মস্কোর সম্মেলনে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি রাহুল জানান, এআই ক্ষেত্রে তাঁর আরও অনেক কিছু শেখার বাকি। এর আগে ২০২৬ সালে দিল্লিতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি।