‘আদালতের সময় নষ্ট করবেন না’! ‘রামায়ণ’ মামলায় জরুরি শুনানির আর্জি খারিজ করে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

সিনেমা হলে মুক্তি পেয়ে যাওয়া ‘রামায়ণ’ ছবির বিরুদ্ধে দায়ের করা মামলার জরুরি শুনানির আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে আবেদনকারীর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানালে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
Live Law-এর প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী অভিযোগ করেন যে ছবিতে হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর তথ্য বিকৃত করা হয়েছে এবং তা তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে পারে। তবে বেঞ্চ স্পষ্ট জানায়, ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দর্শকরা তা দেখে নিজেদের মতামত জানাতে স্বাধীন।
আবেদনকারীকে আদালতের সময় নষ্ট না করার পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, নির্মাতারা নিজেদের বোঝাপড়া অনুযায়ী ছবি বানিয়েছেন; কারও ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলে তিনি পাল্টা ছবি বা তথ্যচিত্র তৈরি করতে পারেন। উল্লেখ্য, রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’ গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।