বাজি ধরে ফুচকায় কন্ডোম গিলে বিপাকে স্কুলছাত্র! স্ক্যানে পেটে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

স্কুলের হোস্টেলের ভিতরে সহপাঠীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ফুচকার সঙ্গে কন্ডোম মিশিয়ে নবম শ্রেণির এক ছাত্রকে খাওয়ানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। অসুস্থ হয়ে পড়ায় ওই ছাত্রকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই হোস্টেলের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার টিফিনের সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, ওই সময় কয়েকজন পড়ুয়া বাইরে থেকে খাবার নিয়ে হোস্টেলে আসে। সেই খাবারের অংশ হিসেবে ফুচকার মধ্যে কন্ডোম মিশিয়ে নবম শ্রেণির ওই ছাত্রকে খাইয়ে দেয় তারই চার সহপাঠী। ঘটনার পর থেকেই প্রবল অসুস্থ বোধ করতে শুরু করে ছাত্রটি।
স্কুল সূত্রে খবর, একবারে ফুচকা গিলে নেওয়ার বাজি ধরেছিল পড়ুয়ারা। সেই বাজির জেরেই কন্ডোম ভরে দেওয়া ফুচকা গিলে ফেলে ওই ছাত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। বিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন, ছাত্রটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। হাসপাতাল সূত্রেও নিশ্চিত করা হয়েছে যে, স্ক্যান করে ওই পড়ুয়ার পেটে কন্ডোমের উপস্থিতি দেখা গিয়েছে, যার কারণেই তীব্র পেটব্যথা শুরু হয়।
অসুস্থ ওই ছাত্রের বাড়ি কুমারগঞ্জ ব্লকে। তার বাবা ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন এবং মা অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান। পড়াশোনার স্বার্থেই সে বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে থাকত। অসুস্থতার খবর পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফে কুমারগঞ্জে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের রাঁধুনি উপেন বর্মন জানান, টিফিনের সময় তিনি মিড ডে মিলের কাজে ব্যস্ত ছিলেন। পরে বিষয়টি তাঁর কানে আসে। তিনি বলেন, “আমি টিফিনের সময় মিড ডে মিল নিয়ে ব্যস্ত ছিলাম। পরে শুনেছি চারজন ছাত্র ফুচকার মধ্যে কিছু একটা মিশিয়ে আর এক ছাত্রকে খাইয়ে দিয়েছে। বিষয়টি জানাজানি হতেই শিক্ষকেরা ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যান।”
এই ঘটনার পর হোস্টেলের নিয়মকানুন ও নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। হোস্টেলের ভিতরে বাইরে থেকে খাবার আনার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ ছিল কি না এবং থাকলে তা কীভাবে অমান্য করা হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি, নাবালক পড়ুয়াদের হাতে কীভাবে কন্ডোম পৌঁছল এবং কী উদ্দেশ্যে খাবারের সঙ্গে তা মিশিয়ে খাওয়ানো হল, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনাটি নিছক মজা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখার অপেক্ষায় রয়েছেন অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষ।