পুজোর পাস থেকে কোটি টাকার টেন্ডার! সোফা কেনার মার্কেট ভ্যালু খতিয়ে দেখছে লালবাজার, জেল হেফাজতে ইন্দ্রনীল

পুজোর পাস বিক্রির পাশাপাশি কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তদন্তে নতুন তথ্য সামনে এসেছে যে, তাঁর মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর সময়কালে তথ্য সংস্কৃতি দফতরে প্রায় দু-কোটি টাকার একটি টেন্ডারের মাধ্যমে বেশ কিছু সোফা কেনা হয়েছিল। এই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।
কিন্তু প্রশ্ন উঠেছে, যে সোফাগুলি এসেছিল সেগুলির প্রকৃত মার্কেট ভ্যালু কত? দু-কোটি টাকা খরচ করে কি শুধুই সোফা কেনা হয়েছিল? এই বিষয়ে জানার জন্যই ইন্দ্রনীল সেনকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার ভাবনা-চিন্তা করছে লালবাজার।
বর্তমানে জেল হেফাজতে আছেন ইন্দ্রনীল সেন। লালবাজার সূত্রে খবর, এখনও চার দিনের পুলিশি হেফাজত বাকি আছে। টেন্ডার দুর্নীতির নতুন তথ্য উঠে এসেছে তদন্তে। তদন্তকারীরা দেখছেন, টেন্ডার হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। এইসব বিভিন্ন বিষয়ে আবারও ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজারের গোয়েন্দারা। তাই ফের ইন্দ্রনীল সেনকে নিজেদের হেফাজতে নিতে চাইছেন তাঁরা।
উল্লেখ্য, দুর্গাপূজার প্রিভিউ শো এবং পাস বিক্রি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ম্যাসআর্ট সোসাইটি নামক একটি সংস্থার সঙ্গে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুচ্ছন্দা সেন যুক্ত ছিলেন বলে জানা যায়। সেই সংস্থা-সংশ্লিষ্ট কথিত অনিয়মের তদন্ত কলকাতা পুলিশ এবং ইডি আলাদাভাবে করছে।
কলকাতার দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি মেলার পর তৃণমূল আমলে কলকাতার বিভিন্ন নামী মণ্ডপ পরিদর্শনের পাস বিক্রি সংক্রান্ত প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুজো কার্নিভাল ও বইমেলায় দুর্নীতি নিয়েও অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে।
সব মিলিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে ঘেরা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত ক্রমশ জোরদার হচ্ছে। টেন্ডার দুর্নীতির নতুন তথ্য এবং সোফা কেনার প্রকৃত মূল্য খতিয়ে দেখার জন্য তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হলে এই মামলায় আরও বড় তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল।
- Rick Sarkar
- বস্তারের ৮০ বছরের প্রবীণের অভিজ্ঞতা তুলে ধরে নকশালবাদে তোপ অমিত শাহের, কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী? November 26, 2026
- কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে থেকে ১০ হাজার ই-যান! গড়করির সঙ্গে বৈঠকে বাংলার পরিকাঠামোয় বড় ঘোষণা November 26, 2026
- বাজি ধরে ফুচকায় কন্ডোম গিলে বিপাকে স্কুলছাত্র! স্ক্যানে পেটে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য November 26, 2026
- জ্যামিং নয়, সরাসরি ধ্বংস! শত্রু ড্রোনের ঝাঁক মোকাবিলায় ভারতের দুই স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হল দেশেই November 26, 2026
- পুজোর পাস থেকে কোটি টাকার টেন্ডার! সোফা কেনার মার্কেট ভ্যালু খতিয়ে দেখছে লালবাজার, জেল হেফাজতে ইন্দ্রনীল November 26, 2026