শুভেন্দুর বৈঠকের আগেই উন্নয়নের বড় দাবি! দুর্গাপুরকে ‘রাঢ়বঙ্গের রাজধানী’ করার প্রস্তাব বিধায়কের

আগামী ২৭ নভেম্বর দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের আগেই দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়নে একগুচ্ছ দাবি ও প্রস্তাব তুলে ধরলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক এই বৈঠকে জেলার ৯ জন বিধায়ক, জেলা ও মহকুমা প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তি, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি মন্ত্রী অগ্নিমিত্রা পালসহ একাধিক ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকের আগে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের বিধাননগরে রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমি গঠন, দামোদরে দ্বিতীয় ওয়াটার রিজার্ভার নির্মাণ এবং বন্ধ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের দাবি জানান। পাশাপাশি কাঁকসায় সরকারি খতিয়ানে থাকা ১ হাজার ৩০০ একর জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প ও এমএসএমই পার্ক তৈরির প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে বলে জানান তিনি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ১০০ শয্যার কোভিড ভবনকে আধুনিকীকরণ করে পুরো হাসপাতালটিকে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হলে দুর্গাপুরকে ‘রাঢ়বঙ্গের রাজধানী’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেবেন তিনি।

বাম আমলে বন্ধ হওয়া এমএএমসি (মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন) কারখানাটি ডিভিসি, কোল ইন্ডিয়া ও বিইএমএল অধিগ্রহণ করলেও সমন্বয়ের অভাবে এখনো তা সচল হয়নি বলে অভিযোগ উঠেছে। রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি চুরি এবং জমি জঙ্গলে পরিণত হওয়ার প্রসঙ্গ তুলে এমএএমসি, বিওজিএল, হিন্দুস্তান ফার্টিলাইজার ও জেসপের মতো বন্ধ কারখানার জমিতে নতুন শিল্পের ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন বিধায়ক।

জলসংকট মেটাতে দামোদরে দ্বিতীয় ওয়াটার রিজার্ভারের পাশাপাশি সেখানে রিসর্ট ও ওয়াটার স্পোর্টস চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে, যা পর্যটন ও কর্মসংস্থানে গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। কাঁকসার প্রাচীন শ্যামরূপা মন্দির, দেউল এবং আড়ার রাঢ়েশ্বর শিবমন্দিরকে যুক্ত করে পৃথক ‘পর্যটন করিডোর’ গড়ার দাবিও জোরালো হয়েছে। অন্যদিকে, দুর্গাপুর-আসানসোল মেট্রো রেল প্রকল্প, অন্ডাল বিমাননগরীতে আইটি ও এমএসএমই হাব, পানাগড়ে সেমিকন্ডাক্টর হাব, ডিএসপি ও এএসপি-তে প্রস্তাবিত বিনিয়োগ, ডিভিসির নতুন ইউনিট এবং ডিপিএল-এর পুনরুজ্জীবন নিয়েও বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে শিল্পাঞ্চল।

কর্মসংস্থানের আশায় দুর্গাপুর ছেড়ে বেঙ্গালুরুতে কর্মরত যুবক অভিজিৎ রায় জানান, নতুন শিল্প গড়ে উঠলে পরিজনদের কাছে ফিরে আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সমাজসেবী ও সাহিত্যিক রণজিত গুহ বলেন, শিল্পের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও পর্যটনের বিকাশে উদ্যোগ নেওয়া হলে দুর্গাপুর ও আগামী প্রজন্ম উপকৃত হবে। ২৭ নভেম্বরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কোন কোন প্রকল্পের ঘোষণা করেন, তা নিয়ে এখন কৌতূহলী পশ্চিম বর্ধমানবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *