ঝগড়ার মাঝে সঙ্গী হুট করে চুপ হয়ে যাচ্ছেন? নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আসল কারণ জানুন

সম্পর্কে ঝগড়া বা মতবিরোধ স্বাভাবিক। দম্পতিদের মধ্যে কথা কাটাকাটি বাড়তে বাড়তে একপর্যায়ে কেউ চুপ হয়ে যান। তবে নীরবতার পেছনে নানা কারণ থাকতে পারে, যা সব সময় স্পষ্ট নয়।
সঙ্গীর নীরবতায় কেউ আতঙ্কিত হয়ে পড়েন। বুঝতে না পেরে নিজেকে অবহেলিত বা প্রত্যাখ্যাত মনে করেন। কেউ পরিস্থিতি সামলাতে আরও বেশি কথা বলেন, আবার কেউ সঙ্গীর মতোই চুপ হয়ে যান। নীরবতা কখনো ইতিবাচক হলেও অনেক দম্পতির কাছে এটি সম্পর্কের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
গবেষকেরা সম্পর্কের মধ্যে এমন কয়েকটি আচরণগত ধরন শনাক্ত করেছেন, যেগুলো নেতিবাচক পরিণতি ডেকে আনে। এর মধ্যে রয়েছে ডিমান্ড উইথড্র এবং পারসু উইথড্র প্যাটার্ন। এসব প্যাটার্নের ক্ষেত্রে একজন কোনো বিষয়ে আলোচনা বা সমাধানের জন্য চাপ দিতে থাকেন, আর অন্যজন আলোচনা থেকে সরে যান বা চুপ করে থাকেন। ফলে সমস্যার সমাধান না হয়ে দ্বন্দ্ব বাড়তে থাকে।
তবে ঝগড়া হলেই সম্পর্কের ক্ষতি হয় না। মনোবিজ্ঞানী জন গটম্যানের গবেষণায় দেখা গেছে, দম্পতিরা গঠনমূলকভাবে মতবিরোধ সামলাতে এবং ঝগড়ার পর দূরত্ব কমাতে পারলে তা সম্পর্কের ক্ষতি করে না।
নীরবতার সবচেয়ে ক্ষতিকর ধরনটি বুঝতে টেম্পোরাল নিড থ্রেট মডেল বিবেচনা করা যেতে পারে। গবেষক উইলিয়ামসের মতে, কাউকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে চুপ থাকার মাধ্যমে চারটি মৌলিক চাহিদা ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো হলো অন্যদের সঙ্গে সম্পর্কিত থাকার অনুভূতি, আত্মসম্মান, নিজের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ এবং নিজের অস্তিত্বকে অর্থবহ মনে করা।
মারফি ও হুভার ১৯৯৯ সালে মনে করেন, শত্রুতাপূর্ণ মনোভাব নিয়ে সঙ্গীর কাছ থেকে দূরে সরে থাকা বা কথা বলা বন্ধ করে দেওয়া একধরনের মানসিক নির্যাতন। অন্যদিকে, শ্রডট ও তার সহগবেষকেরা ২০১৪ সালে ডিমান্ড উইথড্র প্যাটার্ন নিয়ে ৭৪টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, এ ধরনের আচরণ দাম্পত্য সম্পর্কের সন্তুষ্টি কমার পূর্বাভাস দেয়।
কেউ অতিরিক্ত মানসিক চাপে পড়লেও নীরব হয়ে যেতে পারেন। মনোবিজ্ঞানী গটম্যান ১৯৯৪ সালে এই অবস্থাকে ফ্লাডিং বলেছেন, যা থেকে স্টোনওয়ালিং বা আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। অতিরিক্ত মানসিক ও শারীরিক উত্তেজনায় একসঙ্গে অনেক তথ্য ও আবেগ সামলানো কঠিন হয়ে পড়ে। ফলে কী বলা হচ্ছে বা কী অনুভূতি তৈরি হচ্ছে, তা বুঝে ওঠা সম্ভব হয় না। একপর্যায়ে মস্তিষ্ক অতিরিক্ত চাপে কার্যত বন্ধ হয়ে যায়।
একজনের এই মানসিক চাপ অন্যজনকেও প্রভাবিত করতে পারে। বাটলার ও সহগবেষকদের ২০০৩ সালের গবেষণায় দেখা গেছে, কথোপকথনের সময় আবেগ চেপে রাখলে সঙ্গীর রক্তচাপ বেড়ে যেতে পারে। অর্থাৎ, অতিরিক্ত চাপে নীরব হয়ে যাওয়াও সঙ্গীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যাদের অন্যের কাছ থেকে দূরে থাকার প্রবণতা বেশি, তারা মতবিরোধের সময় আবেগগতভাবে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারেন। এ ধরনের আচরণ দ্বন্দ্ব বাড়িয়ে তোলে। কারণ, তখন শুধু মতবিরোধ নয়, দুজনের সম্পর্ক ও ঘনিষ্ঠতাও হুমকির মুখে পড়ে।
নীরবতা সব সময় নেতিবাচক নয়। কোনো বিষয়ে কথা চালিয়ে যাওয়ার আগে চিন্তা ও অনুভূতি গুছিয়ে নিতে কেউ কেউ সময় চান।
ক্রস ও আয়দুকের ২০১৭ সালের গবেষণায় দেখা গেছে, সাময়িকভাবে পরিস্থিতি থেকে সরে গিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে ভাবলে আবেগের তীব্রতা কমে এবং যুক্তি দিয়ে চিন্তা করা সহজ হয়। নীরবতার এমন ব্যবহার স্বাস্থ্যকর। তবে সঙ্গীকে জানানো জরুরি, কেন কিছুটা সময় প্রয়োজন। এতে পরে আরও গঠনমূলক আলোচনা সম্ভব হয়।
কেউ কথা বলতে বলতে চিন্তা গুছিয়ে নেন, আবার কেউ আগে একা ভাবতে পছন্দ করেন। নিজের প্রয়োজন বোঝার পাশাপাশি তা সঙ্গীকেও স্পষ্ট করে জানানো উচিত।