খাওয়ার সময় নাকে খাবার উঠে যাচ্ছে কেন? শরীরের ভেতরে কী ঘটে, জেনে নিন

খাওয়ার সময় হুট করে নাকে খাবার বা তরল উঠে যাওয়া বেশ অস্বস্তিকর ও বিব্রতকর একটি অভিজ্ঞতা। বিশেষ করে তরল খাবার বা ভাত, নুডলসের মতো হালকা খাবার গেলার সময় অনেকের ক্ষেত্রেই এমনটা ঘটে। সাধারণত এটি সাময়িক ও তাড়াহুড়োর কারণে হলেও, মাঝেমধ্যে এর পেছনে শরীরের ভেতরের বিশেষ কিছু প্রক্রিয়া বা সমস্যা কাজ করতে পারে।

খাবার গেলার সময় আমাদের গলার ভেতরে একটি জটিল ও সূক্ষ্ম সমন্বয় চলে। আমরা যখন কিছু খাই বা পান করি, তখন গলার ওপরের অংশে থাকা নরম তালু ওপরের দিকে উঠে গিয়ে নাকের পেছনের পথ বা নাসারন্ধ্র বন্ধ করে দেয়। একই সঙ্গে শ্বাসনালির মুখে থাকা একটি ঢাকনা শ্বাসনালি ঢেকে দেয়, যাতে খাবার কেবল খাদ্যনালিতেই যায়।

খাওয়ার সময় কথা বলা, হাসা, কাশি দেওয়া বা হাঁচি এলে এই স্বাভাবিক সমন্বয়ে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তখন নরম তালু পুরোপুরি নাকের পথ আটকে রাখতে পারে না বা গলার ভেতরে চাপ তৈরি হয়। এর ফলে গলার পেছন দিক থেকে খাবার কিংবা তরল নাকের ভেতরে চলে যেতে পারে।

অনেক সময় খুব দ্রুত খাওয়া, বড় লোকমা নেওয়া বা ভালোভাবে না চিবিয়ে গেলার চেষ্টা করলেও এমন সমস্যা দেখা দেয়। শিশুরা বা বয়স্করা অনেক সময় খাবার গেলার সময় অমনোযোগী থাকলে বা কথা বললে নাকে খাবার উঠে যাওয়ার ঘটনা বেশি ঘটতে পারে।

তবে এই সমস্যা যদি বারবার হয়, কিংবা খাবার গিলতে কষ্ট, গলায় আটকে থাকার অনুভূতি বা কথা বলার ধরনে পরিবর্তন দেখা যায়, তাহলে তা হালকাভাবে নেওয়া উচিত নয়। গলা বা নাকের পেছনের অংশের পেশির দুর্বলতা, স্নায়ুর সমস্যা, অ্যালার্জি বা সাইনাসের জটিলতা কিংবা গলার কোনো কাঠামোগত সমস্যার কারণেও এমনটা হতে পারে।

খাওয়ার সময় নাকে খাবার উঠে গেলে আতঙ্কিত না হয়ে ধীরে শ্বাস নেওয়া ও মুখ দিয়ে পানি দিয়ে কুলি করে পরিষ্কার করা ভালো। নাক খুব জোরে ঝাড়লে নাকের ভেতরে চাপ বেড়ে অস্বস্তি বা ব্যথা হতে পারে, তাই নরমভাবে পরিষ্কার করাই নিরাপদ।

নিয়মিত শান্ত হয়ে বসে খাবার খাওয়া, ভালোভাবে চিবিয়ে গলা এবং খাওয়ার সময় কথা বা হাসাহাসি এড়িয়ে চললে এই সমস্যা অনেকটাই কমানো যায়। তবু সমস্যাটি বারবার হলে বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *