চাপ এড়িয়ে চলা নয়, কাজে লাগান! মানসিক চাপ নিয়ে বদলে যাচ্ছে পুরোনো ধারণা?

মানসিক চাপ নিয়ে প্রচলিত ধারণা হল, এটি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত এবং চাপের পরিস্থিতিতেও শান্ত ও নির্বিকার থাকার চেষ্টা করা উচিত। তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়; জীবনের নানা পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া দেখানো বা মানসিক চাপ অনুভব করা স্বাভাবিক। বরং এসব প্রতিক্রিয়া নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা নতুন করে মানসিক চাপ তৈরি করতে পারে।

মানসিক চাপের নতুন ধারণায় বলা হচ্ছে, কিছু চাপ সৃষ্টিকারী পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী করে তুলতে পারে এবং চাপের প্রতি তীব্র প্রতিক্রিয়াও স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। নির্দিষ্ট কিছু মানসিক কৌশল কাজে লাগিয়ে চাপের ইতিবাচক দিকগুলোও ব্যবহার করা সম্ভব।

মানসিক চাপ কোনও বাহ্যিক ঘটনা নয়

মানসিক চাপ আপনার ওপর ঘটে যাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনও বিষয় বা পরিস্থিতির প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়া। কোনও বিষয় আপনার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে মানসিক চাপের প্রতিক্রিয়াও তত তীব্র হতে পারে। তাই বেশি চাপ অনুভব করার অর্থ এই নয় যে আপনি শান্ত থাকতে পারছেন না; বরং এর অর্থ হল বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং এতে মনোযোগ দেওয়া প্রয়োজন। কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, তা বোঝাই প্রথম ধাপ।

মূল্যবোধ ও তীব্র প্রতিক্রিয়াকে নতুনভাবে দেখা

গবেষক কেলি ম্যাকগনিগাল তাঁর ‘দ্য আপসাইড অব স্ট্রেস: হোয়াই স্ট্রেস ইজ গুড ফর ইউ অ্যান্ড হাউ টু গেট গুড অ্যাট ইট’ বইয়ে মানসিক চাপকে নতুনভাবে দেখার কিছু কৌশল তুলে ধরেছেন। শান্ত হওয়ার চেষ্টার বদলে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো চিহ্নিত করে লিখতে পরামর্শ দেন তিনি, কারণ কোনও বিষয় যত বেশি গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রতিক্রিয়াও তত তীব্র হতে পারে; এতে কোন বিষয়গুলো অর্থবহ, তা স্পষ্ট হয়। এর ফলে নিজেকে সব সময় চাপে বিপর্যস্ত না ভেবে গভীরভাবে অনুভব করা এবং অন্যের প্রতি যত্নশীল মানুষ হিসেবে দেখা যায়।

তীব্র মানসিক চাপের প্রতিক্রিয়া নিজে কোনও সমস্যা নয়, বরং প্রতিকূলতা মোকাবিলার প্রস্তুতি নিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, দক্ষ ব্যক্তিদের মানসিক চাপের প্রতিক্রিয়া কমে না, তবে তাঁরা এই প্রতিক্রিয়াকে দুশ্চিন্তা হিসেবে না দেখে প্রস্তুতি ও দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে নিতে শেখেন। স্কাইডাইভাররাও অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে এই মানসিক সক্রিয়তাকে কাজে লাগিয়ে প্রস্তুত হন ও রোমাঞ্চ উপভোগ করেন; তাই প্রতিক্রিয়া দমন না করে একে অনিশ্চয়তা মোকাবিলার শক্তি হিসেবে কাজে লাগানো যায়।

আবেগ শনাক্তকরণ ও মস্তিষ্কের ভূমিকা

মানসিক চাপের প্রতিক্রিয়ায় থাকা আবেগগুলোকে চিনতে পারা এবং সেগুলোর সঙ্গে যুক্ত শক্তি ও মনোযোগ কাজে লাগিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলার দক্ষতা গড়ে তোলা সম্ভব, বিশেষ করে যখন গভীর মূল্যবোধগুলো জড়িত থাকে। গবেষক লিসা ফেল্ডম্যান ব্যারেট ও তাঁর সহকর্মীরা দেখিয়েছেন যে নিজের আবেগগুলো যথাযথভাবে চিহ্নিত করা এবং সেগুলোর নাম বলতে পারা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়াতে পারে; এর জন্য আলাদা কোনও কৌশল প্রয়োগের প্রয়োজন হয় না এবং সব আবেগকে কেবল মানসিক চাপ শব্দটি দিয়ে বোঝানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন কঠিন হতে পারে।

প্রচলিত ধারণা অনুযায়ী, চাপের ঘটনা ঘটলে মস্তিষ্ক ও শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখায়; তবে গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে কী ঘটতে পারে, তা আগেই অনুমান করে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চাপের প্রতিক্রিয়া সম্পর্কে পুরোনো ও ক্ষতিকর ধারণায় বিশ্বাস করলে সেই ভুল তথ্য ভবিষ্যৎ অনুমানের অংশ হয়ে যায় এবং মানসিক সক্রিয়তাকে প্রস্তুতি বা দক্ষতা অর্জনের অংশ হিসেবে না দেখে সমস্যা মনে হতে থাকে। মানসিক চাপ, মূল্যবোধ, তীব্র প্রতিক্রিয়ার গুরুত্ব এবং আড়ালে থাকা প্রকৃত আবেগ সম্পর্কে সঠিক ধারণা থাকলে চাপকে প্রয়োজনীয় হিসেবে দেখা এবং ভবিষ্যতের পরিস্থিতি আরও ইতিবাচকভাবে অনুমান করার প্রস্তুতি নেওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *