প্রেমে পড়ার পর কি নিজেকে হারিয়ে ফেলছেন? অজান্তেই বদলে যাওয়ার ৫ লক্ষণ

ভালোবাসার মানুষটির পাশে থাকতে চাওয়া, তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া বা সম্পর্কের জন্য কিছুটা মানিয়ে নেওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। সুস্থ সম্পর্কে বোঝাপড়া থাকা জরুরি। কিন্তু মুশকিল হয় তখনই, যখন মানিয়ে নেওয়ার নামে মানুষ নিজের পছন্দ, স্বপ্ন, বন্ধু বা নিজস্ব সত্তাকেই বিসর্জন দিতে শুরু করে। শুরুতে বিষয়টি ধরা না পড়লেও ধীরে ধীরে এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, প্রেমে পড়ার পর অনেক সময় মানুষ এতটাই ডুবে যায় যে নিজের ভালো লাগা বা প্রয়োজনগুলোকে গৌণ মনে করতে থাকে। সঙ্গী যা ভালোবাসেন, সেটাই নিজের প্রিয় হয়ে ওঠে, আর সঙ্গী যা অপছন্দ করেন, তা চুপচাপ বাদ পড়ে যায়। এক পর্যায়ে নিজের পুরনো শখ বা কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে।
নিজের বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ কমে যাওয়াও একটি বড় সংকেত। অনেক সময় সম্পর্কের শুরুর দিকে একান্ত সময় কাটানোর নামে চারপাশের পরিচিত মানুষদের থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা দেখা যায়। পরে সম্পর্ক টালমাটাল হলে বা একাকীত্ব ভর করলে নিজের আশ্রয় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।
নিজের মতামত প্রকাশে দ্বিধা বা সব সময় সঙ্গীর কথার ওপর নির্ভরশীল হয়ে পড়ার মতো লক্ষণও দেখা দিতে পারে। ছোটখাটো সিদ্ধান্ত থেকে শুরু করে জীবনের বড় পরিকল্পনা, সব কিছুতেই অন্যের অনুমোদন বা সম্মতি খোঁজার অভ্যাস তৈরি হলে আত্মবিশ্বাসে চিড় ধরে। এমনকি সঙ্গীর মেজাজের ওঠানামার ওপর নিজের দিনের ভালো মন্দ নির্ভর করতে শুরু করে।
বিশেষজ্ঞরা বলছেন, ভালোবাসা মানে নিজেকে মুছে ফেলা নয়। একটি সুস্থ সম্পর্কে দুজন মানুষেরই নিজস্ব আকাশ ও ব্যক্তিগত পরিসর থাকা প্রয়োজন। সঙ্গীকে ভালোবাসার পাশাপাশি নিজের স্বপ্ন, কাজ ও আত্মসম্মান বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় ও ভারসাম্যপূর্ণ থাকে। তাই সম্পর্ক যতই গভীর হোক না কেন, নিজের সত্তাকে অক্ষত রাখা জরুরি।