নেপাল বন্যায় নিখোঁজ ২১৩ ভারতীয় পর্যটককে মৃত ঘোষণা! তালিকায় নাম মুকুল রায়ের পুত্রবধূরও?

চলতি বছরের অগাস্ট মাসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ ও পর্যটক, নিখোঁজ রয়েছেন আরও বহু। দীর্ঘ তল্লাশি অভিযানের পর নেপাল সরকার সম্প্রতি জানিয়েছে যে, তারা এবার উদ্ধারকাজ স্থগিত রেখে দেশ পুনর্গঠন এবং ক্ষয়ক্ষতি মেরামতের কাজে মনোযোগ দেবে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই নিখোঁজ পর্যটকদের নিয়ে একটি নতুন তালিকা প্রকাশ করেছে কাঠমাণ্ডু প্রশাসন।

কী রয়েছে নেপাল সরকারের প্রকাশিত তালিকায়?

নেপাল সরকারের তরফে প্রকাশিত ওই তালিকায় এমন ২১৩ জন ভারতীয় পর্যটকের নাম রয়েছে, যাঁদের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। এই নিখোঁজ ভারতীয় পর্যটকদের এবার সরকারিভাবে মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল প্রশাসন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নিখোঁজ ভারতীয় নাগরিকদের এই তালিকা প্রকাশ করেছে এবং সেখানে কোনও সংযোজন, বিয়োজন বা সংশোধনের প্রয়োজন থাকলে আপত্তি বা অনুরোধ জানানোর আহ্বান জানিয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কাঠমাণ্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রকাশিত তালিকা নিয়ে কোনও পরিবারের সদস্যদের উদ্বেগ, আপত্তি বা পরিবর্তনের প্রস্তাব থাকলে তাঁরা আগামী ২ ডিসেম্বরের আগে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নিখোঁজ ভারতীয় পর্যটকদের পরিবারগুলি eoikathmandufloodsupport@gmail.com ঠিকানায় ইমেইল করতে পারেন অথবা +9779851316807 নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে।

তালিকায় নাম মুকুল রায়ের পুত্রবধূর, কী বলছেন শুভ্রাংশু?

নিখোঁজ ২১৩ জন ভারতীয় পর্যটকের এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। নেপাল সরকারের তালিকায় তাঁকেও মৃত বলে উল্লেখ করার প্রক্রিয়া শুরু হলেও তা মানতে নারাজ শুভ্রাংশু রায়।

টেলিফোনে যোগাযোগ করা হলে শুভ্রাংশু রায় জানান, তিনি নেপাল সরকারের ওয়েবসাইটে প্রকাশিত নিখোঁজ ভারতীয়দের তালিকাটি দেখেছেন। তবে তাঁর মতে, অনেক সময় সরকারি কাজে গাফিলতি বা তথ্যে ফাঁকফোকর থেকে যায় এবং এমন বহু নজির রয়েছে যেখানে নিখোঁজ ব্যক্তিরা দীর্ঘদিন পর ফিরে এসেছেন। তাই কীসের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি জানান, বিস্তারিত তথ্য জানতে তিনি নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন এবং আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *