বাবাকে হারালেন পূজা বাত্রা, শেষ সময়ে পাশে থাকতে না পেরে আবেগঘন পোস্ট অভিনেত্রীর

বাবাকে হারালেন বলিউড অভিনেত্রী পূজা বাত্রা। গত ২০ নভেম্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা কর্নেল রবি বাত্রা। বাবার মৃত্যুর শেষ মুহূর্তে পাশে পৌঁছাতে না পারায় গভীরভাবে শোকাহত অভিনেত্রী। বুধবার ইনস্টাগ্রামে বাবার কিছু অপ্রকাশিত ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে নিজের শোকের কথা তুলে ধরেছেন তিনি।
পূজা বাত্রার শেয়ার করা ছবিগুলিতে কর্নেল রবি বাত্রাকে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে। পোস্টে অভিনেত্রী জানান, ২০ নভেম্বর হাসপাতালে বাবার মৃত্যু হয়েছে এবং শেষ সময়ে তিনি পাশে থাকতে পারেননি। তাঁর কথায়, এই ঘটনা তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। বাবার কণ্ঠস্বর এখনও কানে বাজে এবং তাঁর হাসি চিরকাল হৃদয়ে থেকে যাবে বলে জানিয়েছেন পূজা। তাঁর মতে, বাবাই ছিলেন তাঁর পুরো পৃথিবী, যাঁকে ছাড়া বেঁচে থাকার কথা তিনি কখনও কল্পনাও করেননি। বাবা যে সবসময় তাঁর এবং পুরো পরিবারের খেয়াল রাখতেন, সে কথাও স্মরণ করেছেন অভিনেত্রী।
বাবাকে স্মরণ করতে গিয়ে তাঁর কর্মজীবন ও ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরেছেন পূজা। তিনি জানান, কর্নেল রবি বাত্রা একজন অসাধারণ সেনা কর্মকর্তা ছিলেন এবং দুটি যুদ্ধে লড়ে গর্বের সঙ্গে দেশের সেবা করেছেন। তাঁর হাসি, প্রাণবন্ত স্বভাব ও ব্যক্তিত্ব যেকোনও আসরকে মাতিয়ে রাখত বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।
মায়ের প্রতি বাবার ভালোবাসা ও শ্রদ্ধার কথাও পোস্টে লিখেছেন পূজা। বাবার গান, দৈনন্দিন জীবনের উপদেশ এবং দয়ালু স্বভাবের স্মৃতি চিরকাল মনে থাকবে বলে জানিয়েছেন তিনি। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার সময় আখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, পরিবার ও পরিচিতদের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি, তবে বিশ্বাস করেন বাবা এখন স্বর্গে রয়েছেন।
পূজা বাত্রার পরিবারের সঙ্গে সামরিক বাহিনীর যোগসূত্র দীর্ঘদিনের। বাবা কর্নেল রবি বাত্রার পাশাপাশি পরিবারটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বসন্তরের রণাঙ্গনে শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালেরও আত্মীয়। অরুণ ক্ষেত্রপাল ছিলেন পূজার বাবার কাকাতো ভাই; মাত্র ২১ বছর বয়সে দেশের জন্য আত্মত্যাগের স্বীকৃতিতে তাঁকে মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত করা হয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এই আত্মীয়তার কথা জানিয়ে গর্ব প্রকাশ করেছিলেন পূজা। এখন বাবাকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রীর পোস্টে সমবেদনা জানিয়েছেন অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।