শীতেও সবজির দামে আগুন, মজুতদারদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শীতের আমেজ শুরু হলেও বাজারে নিত্যপ্রয়োজনীয় শাকসবজির দামে এখনও স্বস্তি ফেরেনি। দ্রব্যমূল্য বৃদ্ধির এই লাগামছাড়া পরিস্থিতিতে লাগাম টানতে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পরও সবজির দরে সেভাবে বদল না এলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলির কর্তাদেরও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের ওই বৈঠকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করে, তাই বাজারের দর স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদেরও সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কোনও আড়তদার বা মজুতদার অন্যায়ভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে বাজারে পণ্যের জোগান কমিয়ে দিলে সেই তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি। এর ফলে প্রশাসন সংশ্লিষ্ট অসাধু কারবারিদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্য সরকারের মূল লক্ষ্য হল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। তাঁর কথায়, একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও ফড়ে ইচ্ছাকৃতভাবে বাজারে জোগান কমিয়ে জিনিসপত্র চড়া দামে বিক্রি করতে বাধ্য করছে, আর সেই সব অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

বৈঠকে সর্ষের তেল, চিনি এবং আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের দ্রুত আলাদা বৈঠকে বসার নির্দেশ দেন তিনি। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি কৃষি বিপণন দফতরের সচিব, অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *