মডেল স্কুলে শিক্ষকের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ, অন্য স্কুল থেকে আসবেন শিক্ষক!

রাজ্যের বেশ কয়েকটি সরকারি মডেল স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস ব্যাহত হচ্ছে এবং সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। সেই ঘাটতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত অন্য স্কুল থেকে শিক্ষক এনে পঠনপাঠন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর।

নির্দেশিকা অনুযায়ী, সরকারি মডেল স্কুলের পাশাপাশি নিউ ইন্টিগ্রেটেড স্কুলেও বেশ কিছু বিষয়ের শিক্ষকের ঘাটতি রয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক পাঠিয়ে সেই অভাব মেটানো হবে। কোন স্কুলে কোন বিষয়ের শিক্ষক প্রয়োজন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন জেলা বিদ্যালয় পরিদর্শকেরা।

অন্য স্কুলে পড়াতে গেলেও শিক্ষকদের চাকরির শর্তে কোনও বদল আসবে না বলে স্পষ্ট করা হয়েছে। বেতন নিয়েও চিন্তার কারণ নেই; বর্তমানে যে স্কুলে তাঁরা কর্মরত, সেখান থেকেই আগের মতো বেতন পাবেন। পড়ুয়াদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে, সে কথা ভেবেই এই অন্তর্বর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠন এবিআরএসএমের সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক। তাঁর মতে, মডেল স্কুল নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে এবং নতুন নিয়োগের আগে পর্যন্ত ঠিকমতো ক্লাস চালানোর জন্য এই ব্যবস্থা প্রয়োজন ছিল, যা পড়ুয়াদের উপকারে আসবে। অন্যদিকে, সিদ্ধান্তে সন্তুষ্ট নয় শিক্ষক সংগঠনের একাংশ। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর দাবি, স্থায়ী শিক্ষক নিয়োগের মাধ্যমেই সবার শিক্ষার অধিকার নিশ্চিত করা উচিত এবং দ্রুত শূন্যপদ পূরণ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *