মাত্র ৩ দিনে ৫ ডিগ্রি নামল পারদ, শীতের আমেজের মাঝেই ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি বঙ্গে!

হিমেল হাওয়ায় কাঁপছে বাংলা। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে রাজ্যে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেল তাপমাত্রা। কলকাতা-সহ গোটা রাজ্যেই এখন মরশুমের প্রথম শীতের আমেজ বেশ স্পষ্ট। সোমবার কলকাতার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা একধাক্কায় নেমে হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রাতে তাপমাত্রার পারদ আরও কমে দাঁড়িয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। সব মিলিয়ে শীতপ্রেমীদের মুখে এখন চওড়া হাসি।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আগামী ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। সেই সঙ্গে বজায় থাকবে ঠান্ডার আমেজও। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনকি সপ্তাহের শেষের দিকে দিনের তাপমাত্রাও আরও কমতে পারে।

কলকাতার আজকের আবহাওয়া

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মিঠে রোদের দেখা মিলেছে। তবে রোদের পাশাপাশি রয়েছে ঠান্ডার বেশ দাপট। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আপাতত শহরে শীতের হিমেল হাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩.৮ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের হাল

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আপাতত রাতের তাপমাত্রা নিম্নমুখী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে বড়সড় পারদ পতনের পূর্বাভাস না থাকলেও ঠান্ডার আমেজ বজায় থাকবে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের সব জেলাতেও এখন শীতের আমেজ অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভোরের দিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারে।

ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা

শীতের এই আমেজ দীর্ঘস্থায়ী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের একটি সম্ভাব্য নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে আগামী ৩ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ৪ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে বাংলার বাতাসে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। ফলে সাময়িক ভাবে শুষ্ক আবহাওয়া বদলে যেতে পারে। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ ঠিক কোন দিকে থাকবে এবং পশ্চিমবঙ্গে এর কী ধরনের প্রভাব পড়বে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *