‘এই কাপুরুষ সরকার আমাকে …’, এক্স হ্যান্ডেলে সরব সিজেপি কো-কনভেনর সৌরভ দাস

সোমবার রাতে সরকারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ করলেন ককরোচ জনতা পার্টির (CJP) কো-কনভেনর সৌরভ দাস। তাঁর দাবি, তাঁকে ব্রিটেনে যেতে বাধা দেওয়া হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ‘ককরোচ আন্দোলন’ নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
সৌরভের দাবি, রাত ১টায় লন্ডনগামী বিমানে ওঠার আগে দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতরে তাঁর পাসপোর্ট আটকে দেওয়া হয়। তাই তিনি যেতে পারেননি।
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, অক্সফোর্ড থেকে ডাক এসেছে সৌরভের। তাই ক্ষমতায় থাকা কোনও ব্যক্তি এই কারণে ঈর্ষান্বিত হয়েছেন।
ওদিকে, বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলেও সরব হন সৌরভ। তিনি লেখেন, “এই কাপুরুষ সরকার আমাকে লন্ডন যাওয়ার অনুমতি দেয়নি। অক্সফোর্ড, কেমব্রিজ, LSE এবং এডিনবরা-র মতো নামী বিশ্ববিদ্যালয় থেকে ককরোচ আন্দোলন নিয়ে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছিলাম। ভারতীয় পড়ুয়ারা এই অনুষ্ঠান আয়োজন করতে নিজেদের সমস্ত পরিশ্রম ও আবেগ উজাড় করে দিয়েছিলেন। কিন্তু এই সরকার ভয় পেয়েছে যে আমি ওই নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গিয়ে বক্তব্য রাখব!”
সংবাদ সংস্থা পিটিআই-কে সৌরভ জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন তাঁকে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তিনি বলেন, “সেই কারণেই লন্ডন যাচ্ছিলাম। কিন্তু ইমিগ্রেশন দফতরে পরীক্ষা করাতে গিয়ে জানতে পারি, আমার পাসপোর্ট ফ্ল্যাগ করা হয়েছে।”
এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, “ইশ! আমি যদি নীরব মোদী হতাম! ইশ! যদি বিজয় মালিয়া হতাম! যদি ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করতাম…”
মোদী সরকারকে নিশানা করে সৌরভ আরও আক্রমণ করেন, “তারা নিজেদের মন্ত্রিসভার সম্প্রসারণ পর্যন্ত করতে পারছে না, কারণ মন্ত্রীরা পদত্যাগ করতে চাইছেন না।”
🚨This coward government did not allow me to board my flight to London where I was invited by prestigious universities like Oxford, Cambridge, LSE, Edinburgh to deliver talks on the cockroach movement. Indian students put their heart and soul to organise the events but this anti-intellectual govt was scared of me going to these prestigious institutions!
@Cockroachisback
— Saurav Das (@SauravDassss) November 23, 2026
যদিও এই ঘটনা তাঁকে দমিয়ে রাখতে পারবে না বলেও স্পষ্ট জানিয়েছেন সৌরভ। তাঁর দাবি, ভবিষ্যতে তিনি লন্ডন, প্যারিস সহ বিশ্বের অন্যান্য জায়গায় যাবেন। নিজের কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সৌরভ দাস ও সিজেপি-কে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, পাসপোর্ট সংক্রান্ত তথ্যে অসঙ্গতি থাকায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এই আবহে সৌরভের অভিযোগ ও সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে।