নাতনির মুখ দেখতে ভিডিও কলের অনুমতি পেল তাহাউর রানা! কড়া শর্ত দিল আদালত

সদ্যোজাত নাতনির মুখ দেখতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি পেল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল চক্রী তাহাউর হুসেন রানা। বুধবার দিল্লির বিশেষ এনআইএ আদালত এই অনুমতি দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের ২৬ নভেম্বরের ভয়াবহ মুম্বই হামলার ১৮তম বর্ষপূর্তির ঠিক আগের দিন এই নির্দেশ দিল আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি, দু’দিনই তিহাড় জেল থেকে আমেরিকায় থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ১০ মিনিট করে ভিডিও কলে কথা বলতে পারবে রানা। তবে এই অনুমতি দেওয়া হয়েছে একাধিক কঠোর শর্তসাপেক্ষে।

আদালত নিযুক্ত আইনজীবী নিশান্ত সিংয়ের মাধ্যমে ভিডিও কলের অনুমতি চেয়ে আবেদন করেছিল রানা। আবেদনে জানানো হয়, ২০২৫ সালের ১০ এপ্রিল থেকে জেলবন্দি রয়েছে সে। তারপর থেকে পরিবারের কোনও সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পায়নি এবং সদ্যোজাত নাতনির মুখও এখনও দেখতে পারেনি। সেই কারণেই আমেরিকায় বসবাসকারী পরিবারের সঙ্গে কথা বলার আবেদন জানায় সে।

থ্যাঙ্কসগিভিং ডে, বড়দিন এবং নতুন বছর উপলক্ষে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চেয়েছিল রানা। কিন্তু তার এই আবেদনের বিরোধিতা করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তকারী সংস্থার যুক্তি ছিল, বিচারবিভাগীয় হেফাজতে থাকা অবস্থায় ভিডিও কল করার কোনও আইনি অধিকার রানার নেই, তাই তার আবেদন খারিজ করা উচিত।

তবে দু’পক্ষের বক্তব্য শোনার পর বিশেষ বিচারক প্রশান্ত শর্মা নির্দিষ্ট দুটি দিনে ভিডিও কলের অনুমতি দেন। আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনগুলিতে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ১০ মিনিটের জন্য পরিবারের সঙ্গে কথা বলতে পারবে রানা।

এই কথোপকথনের ক্ষেত্রে একাধিক কড়া নিয়মও বেঁধে দিয়েছে আদালত। ভিডিও কলের সময় তিহাড় জেলের সুপারকে উপস্থিত থাকতে হবে এবং পুরো কথোপকথন রেকর্ড করা হবে। প্রথমে জেল সুপার নিজে ফোন করে রানার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁদের সাড়া পাওয়ার পরেই ফোনটি রানার হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছে, একই কারণ দেখিয়ে ভবিষ্যতে আর কোনও ভিডিও কলের আবেদন করতে পারবে না সে।

উল্লেখ্য, আমেরিকায় ১৪ বছরের সাজা ভোগ করার পর ২০২৫ সালে তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা হয়। ওই বছরের ১০ এপ্রিল থেকে দিল্লির তিহাড় জেলের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট সেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে। ২৬/১১ মুম্বই হামলার মামলায় ইতিমধ্যেই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে এনআইএ এবং আগামী মাসে এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন বহু নিরীহ মানুষ। সেই হামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অভিযুক্তদের মধ্যে রয়েছে তাহাউর রানা, ফলে মামলার পরবর্তী শুনানি ও তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *