জ্ঞানেশ কুমারের সঙ্গে কংগ্রেস নেতার ছবি ভাইরাল, দ্বিচারিতার অভিযোগে সরব বিজেপি!

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল দেশ। যেসকল দল প্রতিবাদে রাস্তায় নামে তার মধ্যে প্রথম সারিতে ছিল কংগ্রেস। সংবিধানের প্রতিলিপি হাতে নিয়ে একাধিক বার বিজেপিকে আক্রমণ করতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বিরোধী জোট ইন্ডিয়াকে নিয়েও মাঠে নামেন তিনি। এই আবহেই জ্ঞানেশ কুমারের সঙ্গে কংগ্রেস নেতার ছবি সামনে আসায় রীতিমতো হইচই রাজনৈতিক মহলে। ছবিটিকে হাতিয়ার বানিয়ে এবার কংগ্রেসকে পাল্টা আক্রমণের পথে বিজেপি।

নির্বাচন কমিশনকে নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান এক, অথচ রাজ্যের নেতাদের আচরণ অন্য। মধ্যপ্রদেশে কংগ্রেসকে এই অভিযোগেই বিঁধল বিজেপি। সম্প্রতি মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক অজয় সিং, যিনি রাহুল ভাইয়া নামেই পরিচিত, তাঁর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির প্রশ্ন, দলের শীর্ষ নেতৃত্ব যখন কমিশনারকে নিয়ে সরব, তখন রাজ্যের নেতারা তাঁর সঙ্গে ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করছেন কেন?

গত ২৩ নভেম্বর ভোপালে একটি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। রাজনৈতিক ও সামাজিক মহলের একাধিক ব্যক্তিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই কংগ্রেস নেতা অজয় সিংয়ের সঙ্গে তাঁর দেখা হয়। পরে সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অজয়। ব্যক্তিগত অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ হলেও ছবিগুলি প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়। কারণ, মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে প্রকাশ্যেই একাধিকবার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ছবিকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র দুর্গেশ কেশওয়ানি দাবি করেন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যের নেতাদের অবস্থানের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। তাঁর কথায়, গোটা বিষয়টি সামনে আসার পর সব স্পষ্ট হয়ে গিয়েছে। রাহুল গান্ধী যখন মুখ্য নির্বাচন কমিশনারের সমালোচনায় সরব, তখন তাঁর দলেরই প্রবীণ নেতা কেন কমিশনারের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করছেন, সেই প্রশ্ন তুলেছেন কেশওয়ানি। বিজেপির বক্তব্য, এই ছবি কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের দ্বিচারিতা তুলে ধরছে।

অজয় সিং মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা ও বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের ছেলে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত অজয় মধ্যপ্রদেশের কংগ্রেস রাজনীতিতে পরিচিত মুখ। যদিও ওই বিয়ের অনুষ্ঠানে জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সাক্ষাতে নির্বাচন বা কমিশন সংক্রান্ত কোনও আলোচনা হয়েছিল, এমন তথ্য সামনে আসেনি। তা সত্ত্বেও ছবিকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *