‘ছেলেমেয়েরা মা-বাবার সম্পত্তি বা হাতের পুতুল নয়’, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ছেলেমেয়েরা মা-বাবার সম্পত্তি নয় এবং ইচ্ছে মতো তাদের পরিচালনা করা যায় না বলে কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে সন্তানরা মা-বাবার হাতের পুতুল নয়, বরং মা-বাবার আইনি অধিকারের চেয়ে শিশুর কল্যাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়া প্রাক্তন এক দম্পতির মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ সামনে এসেছে। দুই নাবালক সন্তানের অভিভাবকত্ব এবং তারা কার কাছে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল।
এর আগে দুই নাবালক সন্তান বাবার কাছে থাকবে বলে রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। তবে সেই রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিংহের বেঞ্চ।
আদালত জানিয়েছে, মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় বাবা দুই সন্তানের স্বাভাবিক অভিভাবক হিসেবে অবশ্যই স্বীকৃতি পেতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে সর্বদা বাবাই প্রধান অভিভাবক হিসেবে বিবেচিত হবেন।
শীর্ষ আদালতের মতে, এ ধরনের মামলায় সন্তানদের ভালমন্দ এবং সার্বিক কল্যাণই প্রধান বিচার্য বিষয় হওয়া উচিত, মা-বাবার ব্যক্তিগত অধিকার বা ইচ্ছা নয়।