৬৮ হাজার টাকার বদলে প্রযোজকের বাড়ি থেকে টেপ রেকর্ডার! অক্ষয়ের পুরনো দিনের চমকপ্রদ ঘটনা

আজ বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার। একের পর এক ছবিতে অভিনয়, বক্স অফিসে সাফল্য এবং তারকাখ্যাতি—সবই রয়েছে তাঁর ঝুলিতে। তবে সাফল্যের এই জায়গায় পৌঁছনোর আগে যে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি ভাগ করে নিয়েছেন তিনি। শুধু অক্ষয় নন, অভিনেতা রবি কিষণও জীবনের শুরুর দিকে অর্থকষ্টের মুখোমুখি হয়েছেন। সম্প্রতি একটি জনপ্রিয় চ্যাট শোয়ের মঞ্চে পুরনো দিনের সেই সংগ্রামের কথা তুলে ধরেন দুই তারকা।

অনুষ্ঠানে শুরুর দিকের সংগ্রামের কথা বলতে গিয়ে রবি কিষণ ফিরে যান ‘উধার কি জিন্দেগি’ ছবির অভিজ্ঞতায়। কাজল ও জিতেন্দ্র অভিনীত এই ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবং ডাবিংও শেষ করেছিলেন। তখন তাঁর পাওনা ছিল এক লক্ষ টাকারও বেশি। কিন্তু ডাবিংয়ের পর প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, পুরো টাকা নিতে চাইলে ছবিতে তাঁর দৃশ্য রাখা যাবে না, আর দৃশ্য রাখতে চাইলে বাকি টাকা ছেড়ে দিতে হবে।

একদিকে টাকার প্রয়োজন, অন্যদিকে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। সেই সময় রীতিমতো আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রবি। গ্রামের বাড়িতে পরিবারের জমিও বন্ধক রাখা ছিল। তবু শেষ পর্যন্ত পাওনা টাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, কারণ তখন তাঁর কাছে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল ছবিতে নিজের উপস্থিতি বজায় রাখা এবং বলিউডে জায়গা করে নেওয়ার সুযোগটুকু ধরে রাখা।

রবির এই অভিজ্ঞতার সঙ্গে নিজের জীবনের এক ঘটনার মিল খুঁজে পান অক্ষয় কুমার। তিনি জানান, কেরিয়ারের শুরুর দিকে এক প্রযোজকের কাছে তাঁর প্রায় ৬৮ হাজার টাকা পারিশ্রমিক বাকি ছিল। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও অক্ষয়ের কাছে সেই টাকা ছিল অত্যন্ত জরুরি। বারবার চেষ্টা করেও টাকা না পেয়ে শেষ পর্যন্ত নিজেই মুম্বইয়ের মাহিমে ওই প্রযোজকের বাড়িতে যান তিনি।

অক্ষয় জানান, দরজা খুলতেই প্রযোজকের মুখোমুখি হন তিনি। প্রযোজক উচ্চতায় তাঁর থেকে খাটো ছিলেন এবং দেখামাত্রই বুঝে যান যে অক্ষয় টাকা নিতে এসেছেন। বাড়ির ভেতরে বসার ঘরে একটি টেপ রেকর্ডার দেখতে পেয়ে রাগের মাথায় সেটির প্লাগ খুলে যন্ত্রটি নিয়ে বেরিয়ে আসেন অক্ষয়, প্রযোজকও তাঁকে বাধা দেননি। পরে মুম্বইয়ের হীরা পান্না বাজারে সেটি বিক্রি করে ৩২ হাজার টাকা পান তিনি। অক্ষয়ের দাবি, আজও সেই প্রযোজক তাঁর বাকি টাকা মেটাননি।

দুই অভিনেতার অভিজ্ঞতা আলাদা হলেও লড়াইয়ের জায়গাটি ছিল একই—সিনেমার জগতে টিকে থাকার সংগ্রাম। এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। তাঁর হাতে রয়েছে ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হাইওয়ান’-এর মতো ছবি। পাশাপাশি আগামী দিনে ‘গোলমাল ৫’, ‘সামুক’ এবং ‘মওজা হি মওজা’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *