নিখোঁজ ১৬ বছরের কিশোর ও ২ বছরের শিশু! বারদোলিতে পরিবারের সদস্যদের খালে ফেলার অভিযোগে তোলপাড়

কাজের খোঁজে ভিন্‌রাজ্যে গিয়ে চরম বিপদের মুখে পড়ল মহারাষ্ট্রের জলগাঁওয়ের একটি পরিবার। গুজরাটের সুরাট জেলায় ওই পরিবারের ছ’জন সদস্যকে খালে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হতেই চারিদিকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দম্পতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ দু’জন। তবে সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে গিয়েছে পরিবারের ১৩ বছরের এক কিশোর। বুধবার পুলিশ এই খবর জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২১ নভেম্বর সুরাটের বারদোলি এলাকায়। গাড়িতে করে সুরাটে যাওয়ার পথে উভা গ্রামের কাছে চার দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই পরিবারের পূর্বপরিচিত ছিল। এরপর পরিবারের সদস্যদের দু’টি আলাদা গাড়িতে তুলে নিয়ে গিয়ে খালে ফেলে দেওয়া হয়।

তল্লাশি চালিয়ে মহুয়া এলাকার উকাই-কাকরাপার খাল থেকে নীতিন ওরফে ভুরিয়া পাটিল, তাঁর স্ত্রী কবিতা পাটিল এবং তাঁদের ন’বছরের মেয়ের দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ওই দম্পতির ১৩ বছরের ছেলে কোনও মতে সাঁতরে পাড়ে উঠে স্থানীয়দের সাহায্যে পুলিশে খবর দেয়। পরে বাড়িতে বড় দিদিকে বিষয়টি জানায় সে।

সুরাট গ্রামীণ জেলার পুলিশ সুপার রাজেশ গাধিয়া জানিয়েছেন, অভিযুক্তদের ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। পাশাপাশি তদন্তে বিশেষ দলও গঠন করা হয়েছে। এখন নিখোঁজ ১৬ বছরের কিশোর এবং দু’বছরের শিশুটির খোঁজে খালে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *