দলবদলের জেরে বিপাকে ৩ কাউন্সিলর! কেন পদ যাবে, জবাব তলব হাইকোর্টের

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন কাউন্সিলরের বিপদ বেড়েছে। কেন তাঁদের কাউন্সিলর পদ বাতিল করা হবে না, তা জানতে চেয়ে তাঁদের নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। ১৬ ডিসেম্বরের মধ্যে এই তিন কাউন্সিলরকে নিজেদের জবাব দিতে হবে। পুরসভার বিরোধী দলনেত্রী সোনিল মিমরটের আবেদনের শুনানির পর আদালত এই নোটিস জারি করেছে।
২০২২ সালের ইন্দোর পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ে জয়ী হওয়া কাউন্সিলর মমতা সুনেরে, শিবম যাদব এবং বিনীতা মৌর্য জয়ের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান।
তাঁদের বিরুদ্ধে দলবদল বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া, পদ শূন্য ঘোষণা করা এবং ওই ওয়ার্ডগুলিতে উপনির্বাচন আয়োজনের দাবি জানিয়ে পুরসভার বিরোধী দলনেত্রী সোনিল মিমরট প্রশাসনের কাছে আবেদন করেছিলেন, কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। নগর প্রশাসন দপ্তরের প্রধান সচিব ওই আবেদন খারিজ করে দেন।
খারিজ করার সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সোনিল মিমরট হাইকোর্টে মামলা দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, তিন কাউন্সিলর কংগ্রেসের টিকিটে লড়ে জিতেছিলেন। ভোটাররা কংগ্রেসের প্রতীকে ভোট দিয়ে তাঁদের জয়ী করেন, কিন্তু জয়ের পর তাঁরা শুধু কংগ্রেসের সঙ্গেই নয়, ওয়ার্ডের ভোটারদের সঙ্গেও অন্যায় করেছেন। এই অবস্থায় তাঁদের নির্বাচন বাতিল করে নতুন করে ভোট করানো উচিত।
বুধবার বিচারপতি সুবোধ অভ্যঙ্কর এবং বিচারপতি পবন কুমার দ্বিবেদীর ডিভিশন বেঞ্চ আবেদনকারীর বক্তব্য শোনার পর সুনেরে, যাদব এবং মৌর্য—এই তিনজনকে নোটিস পাঠিয়ে জবাব তলব করেছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৬ ডিসেম্বর।