চুম্বকীয় ক্ষমতা নাকি অলৌকিক রহস্য? সোমনাথ স্বাভিমান পর্বে কাঁকসায় আধ্যাত্মিক আবহ

পাথরের টুকরোর মধ্যে রয়েছে চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা! প্রায় হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে থাকা এক রহস্যময় শিবলিঙ্গের খণ্ডাংশকে ঘিরে এবার আধ্যাত্মিক আবহে মেতে উঠল দুর্গাপুরের কাঁকসা। রাসপূর্ণিমার দিন কাঁকসা গার্লস স্কুলে সাধারণ মানুষের দর্শনের জন্য আনা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গের প্রাচীন খণ্ডাংশ।
উদ্যোক্তাদের দাবি, গজনির সুলতান মামুদের আক্রমণে প্রায় এক হাজার বছর আগে খণ্ডিত হয়েছিল এই শিবলিঙ্গ। সেই ইতিহাসের সাক্ষী বলে দাবি করা খণ্ডাংশগুলি নিয়েই দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ পরিক্রমা। মঙ্গলবার বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো-অর্চনা। পরে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি। উপস্থিত ভক্তদের সামনে তুলে ধরা হয় শিবলিঙ্গের খণ্ডাংশগুলির ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্যও।
উদ্যোক্তাদের দাবি, খণ্ডাংশগুলি পাথরের হলেও সেগুলির মধ্যে রয়েছে চুম্বকের মতো আকর্ষণ ক্ষমতা। যদিও এই বিশেষ বৈশিষ্ট্যের বিষয়ে এখনও কোনও স্বাধীন বৈজ্ঞানিক যাচাইয়ের তথ্য সামনে আসেনি।
অনুষ্ঠানে সোমনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস ও আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করেন স্বামী সদানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অতীতে বারবার আক্রমণের মুখে পড়লেও সনাতন ধর্মের ঐতিহ্য ও বিশ্বাস আজও অটুট রয়েছে।” উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধ্বী নিত্যতীর্থ দেবী জানান, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথের এই খণ্ডাংশ দর্শনের সুযোগ পাওয়া তাঁদের কাছে অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। সাধারণ মানুষকেও এই দর্শনের সুযোগ করে দিতে পেরে তাঁরা আপ্লুত।
সোমনাথ ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান এবং ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটিই প্রথম। ১০২৬ সাল থেকে বারবার আক্রমণের শিকার হলেও সোমনাথ বিশ্বাস, সহনশীলতা এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার প্রতীক হিসেবেই অটুট থেকেছে। ১৯৫১ সালে মন্দিরটি পুনর্নির্মিত হয় এবং এরপর তা ফের সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
সোমনাথ স্বাভিমান পর্ব ১০২৬ সালে মন্দিরের উপর প্রথম আক্রমণের এক হাজার বছর পূর্তি স্মরণ করা হচ্ছে এবছর। সোমনাথ জ্যোতির্লিঙ্গের খণ্ডাংশ বলতে গুজরাতের প্রভাস পাটনে অবস্থিত প্রাচীন সোমনাথ মন্দিরের শিবলিঙ্গের কথিত অংশগুলিকে বোঝায়, যা ১০২৬ খ্রিস্টাব্দের আক্রমণের পর সংরক্ষিত হয়েছিল বলে দাবি করা হয়।