দিল্লি দাঙ্গা মামলায় বড় মোড়: সিব্বল-দাভের জোর সওয়ালের পরেও কেন এখনই জামিন দিল না শীর্ষ আদালত?

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জেলমুক্তির সম্ভাবনা আপাতত থমকে গেল। বুধবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে দুই অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দেওয়া হচ্ছে না। দিল্লি পুলিশের বক্তব্য না শুনে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নয় শীর্ষ আদালত।
দিল্লি হাই কোর্ট উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দুজন। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত দিল্লি পুলিশকে নোটিশ জারি করে জবাব তলব করেছে। পাশাপাশি মামলাটি তিন বিচারপতির বেঞ্চে গঠনের বিষয়ে প্রধান বিচারপতির প্রশাসনিক বিবেচনার কাছে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
এদিনের শুনানিতে উমর খালিদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। মূল জামিনের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মক্কেলকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আর্জি জানান তিনি। শারজিল ইমামের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ দাভে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকার প্রসঙ্গ তুলে তিনিও একই ধরনের অন্তর্বর্তী স্বস্তির আবেদন জানান।
তবে দুই প্রবীণ আইনজীবীর সওয়ালের পরও নরম হয়নি শীর্ষ আদালত। বেঞ্চের সাফ বক্তব্য, দিল্লি পুলিশের অবস্থান জানার আগে এই পর্যায়ে জামিনের বিষয়ে কোনও পদক্ষেপ করা সম্ভব নয়। শুনানিতে বিচারপতিদের সংক্ষিপ্ত মন্তব্য ছিল, ‘আজ নয়’। ফলে অন্তর্বর্তী জামিন না মেলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে উমর খালিদ ও শারজিল ইমামকে।
আবেদনে দুই অভিযুক্তের দাবি, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। বিশেষত, প্রসিকিউশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সুরক্ষিত সাক্ষীদের পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা। এ ছাড়া সুপ্রিম কোর্টের আরোপিত এক বছরের নিষেধাজ্ঞার সময়সীমাও দ্রুত শেষের দিকে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে জামিনের আবেদন পুনর্বিবেচনার দাবি জানানো হলেও আদালত এ বিষয়ে এখনই কোনও চূড়ান্ত মতামত দেয়নি। দিল্লি পুলিশের জবাব পাওয়ার পর পরবর্তী শুনানিতে এসব দিক খতিয়ে দেখা হতে পারে।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-বিরোধী আন্দোলনের সময় উত্তর-পূর্ব দিল্লিতে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। হিংসার পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র আওতায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ওই মামলায় ২০২০ সালের ২৫ আগস্ট শারজিল ইমাম এবং ১৩ সেপ্টেম্বর উমর খালিদকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন দুই অভিযুক্ত।