আয় বহির্ভূত সম্পত্তি মামলায় স্বস্তি রাহুলের! হাইকোর্টের নির্দেশ বাতিল করে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। বুধবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই পদক্ষেপে সাময়িক স্বস্তি পেলেন রাহুল গান্ধি।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বিজেপি নেতা এস বিঘ্নেশ শিশিরের দায়ের করা আবেদনটি নতুন করে বিবেচনার জন্য এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। আবেদনটি আদৌ শুনানির যোগ্য কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, রাহুল গান্ধিকে এই মামলায় পক্ষভুক্ত করে তাঁর বক্তব্য শোনার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল, রাহুল গান্ধির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সংক্রান্ত মামলায় আপাতত এগোনো যাবে না। একইসঙ্গে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রিপোর্ট জমা না দেওয়ার জন্য সিবিআই ও ইডিকেও বারণ করেছিল শীর্ষ আদালত। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি।

উল্লেখ্য, রাহুল গান্ধির আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে বলে অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন বিজেপি কর্মী বিঘ্নেশ শিশির। সেই প্রেক্ষিতেই অভিযোগ যাচাই ও তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পরবর্তীতে সিবিআই-এর দাখিল করা হলফনামায় অসন্তোষ প্রকাশ করে নতুন হলফনামা তলব করা হয়েছিল। এছাড়া একই আবেদনকারীর তরফে রাহুল গান্ধির দ্বৈত নাগরিকত্ব নিয়েও আগে একাধিক অভিযোগ তোলা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *